খাগড়াছড়িতে ৭৭০০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ
খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলের ৭ হাজার ৭০০ তরুণ-তরুণীকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার। বাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের চাকরি, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগের সঙ্গে যুক্ত করতে শুরু হয়েছে ‘আর্ন’ প্রকল্পের কার্যক্রম। এ লক্ষ্যে জেলার নয়টি উপজেলায় ৫৪টি গ্রাম পর্যায়ের প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের আওতায় তালিকাভুক্ত হয়েছেন ৩ হাজার ৮৪৬ জন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রকল্পটির জেলা পর্যায়ের সূচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন কৌশল, জেলাভিত্তিক অগ্রগতি, সম্ভাবনাময় প্রশিক্ষণ খাত এবং পাহাড়ি অঞ্চলে কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রধান সেবাদানকারী সংস্থা হিসেবে কেয়ার বাংলাদেশের নেতৃত্বে তজিংডং, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও দ্য আর্থ সোসাইটির সহযোগিতায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। খাগড়াছড়ি জেলায় বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও প্রবেশগম্যতা মূল্যায়নে উপপরামর্শক হিসেবে কাজ করছে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)।
সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৭ হাজার ৭০০ জনের লক্ষ্যমাত্রা, তালিকাভুক্ত ৩ হাজার ৮৪৬
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, খাগড়াছড়ির নয়টি উপজেলায় ৫৪টি গ্রাম পর্যায়ের প্রশিক্ষণকেন্দ্র (ভিলেজ-লেভেল ট্রেনিং সেন্টার—ভিএলটিসি) স্থাপনের পরিকল্পনা রয়েছে। জেলার ৭ হাজার ৭০০ তরুণ-তরুণীকে প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে তালিকাভুক্ত হয়েছেন ৩ হাজার ৮৪৬ জন। অর্থাৎ লক্ষ্যমাত্রার প্রায় ৫০ শতাংশ অর্জিত হয়েছে। এখনো তালিকাভুক্তির অপেক্ষায় রয়েছেন ৩ হাজার ৮৫৪ জন।
প্রকল্পের সময়ভিত্তিক পরিকল্পনায় ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ৪০ শতাংশ, ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে ৭০ শতাংশ এবং জুন ২০২৭-এর মধ্যে শতভাগ তরুণ-তরুণীকে তালিকাভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উপস্থাপিত অগ্রগতি অনুযায়ী, ডিসেম্বরের নির্ধারিত তালিকাভুক্তির লক্ষ্যমাত্রা ইতোমধ্যে অতিক্রম করেছে খাগড়াছড়ি।
তবে প্রশিক্ষণ অবকাঠামো ও সাংগঠনিক প্রস্তুতিতে এখনো অগ্রগতির সুযোগ রয়েছে। জেলার ৫৪টি প্রশিক্ষণকেন্দ্রের বিপরীতে নির্বাচন করা হয়েছে ছয়টি, অগ্রগতির হার প্রায় ১১ শতাংশ। একইভাবে ৫৪টি কমিউনিটি গ্রুপের লক্ষ্যমাত্রার বিপরীতে গঠিত হয়েছে ছয়টি। অন্যদিকে নয়টি উপজেলা সমন্বয়কেন্দ্র (ইউসিসি) নির্বাচনের কার্যক্রম এখনো সম্পন্ন হয়নি।
তিন পার্বত্য জেলায় উপকৃত হবেন ২১ হাজার তরুণ-তরুণী
শুধু খাগড়াছড়ি নয়, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ২৬টি উপজেলায় মোট ২১ হাজার তরুণ-তরুণীকে প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তাঁদের মধ্যে ৬০ শতাংশ বা ১২ হাজার ৬০০ জন নারী।
তিন জেলায় ১৫০টি গ্রাম পর্যায়ের প্রশিক্ষণকেন্দ্র, ১২০টি কমিউনিটি গ্রুপ এবং ২৬টি উপজেলা সমন্বয়কেন্দ্র নির্বাচনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সভায় উপস্থাপিত তথ্যে এসব ক্ষেত্রে যথাক্রমে ১৬টি, ৬২টি ও ১১টি নির্বাচনের অগ্রগতি তুলে ধরা হয়।
প্রশিক্ষণ হবে পাহাড়ের শ্রমবাজার ও সম্ভাবনাকে ঘিরে
প্রকল্পটির অন্যতম বিশেষত্ব হলো, গতানুগতিক প্রশিক্ষণের পরিবর্তে স্থানীয় শ্রমবাজার, তরুণ-তরুণীদের আগ্রহ, নিয়োগকর্তার চাহিদা এবং এলাকার অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় প্রশিক্ষণের বিষয় বা ট্রেড নির্বাচন করা হবে।
যুব উন্নয়ন অধিদপ্তর ও বিশ্বব্যাংক নির্ধারিত ২২টি অগ্রাধিকারপ্রাপ্ত খাত ও বিশেষায়িত পেশা থেকে উপযুক্ত প্রশিক্ষণ নির্বাচন করে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের (পিএমইউ) অনুমোদনের পর কার্যক্রম শুরু করা হবে।
প্রকল্পের ট্রেড ভ্যালিডেশন রিপোর্ট অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ‘টিয়ার সি’ শ্রেণিভুক্ত। এ শ্রেণির জন্য প্রশিক্ষণ ট্রেডের ৭০ শতাংশ থাকবে প্রচলিত ও প্রমাণিত আয়ের ক্ষেত্রভিত্তিক এবং বাকি ৩০ শতাংশ থাকবে সম্ভাবনাময় ও উদীয়মান বাজারমুখী খাতে। প্রতিটি প্রশিক্ষণকেন্দ্রে অন্তত একটি সম্ভাবনাময় ট্রেড অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
অগ্রাধিকারপ্রাপ্ত প্রশিক্ষণ খাতের মধ্যে রয়েছে টেকসই কৃষি, জৈব চাষ, জৈব সার উৎপাদন, প্রাণিসম্পদ, দুগ্ধ উৎপাদন, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং, বিক্রয় ও বিপণন, মোড়কজাতকরণ, পণ্য সরবরাহ ও সংরক্ষণ ব্যবস্থাপনা এবং মোবাইল আর্থিক সেবার মতো খাতও রয়েছে।
এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন মেরামত, হোটেল-রেস্তোরাঁ পরিচালনা, স্বাস্থ্যসেবা, হালকা প্রকৌশল, বৈদ্যুতিক কাজ, রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং, মোবাইল ফোন মেরামত, পোশাক তৈরি, গাড়ি চালনা, সৌন্দর্যচর্চা ও হস্তশিল্পের মতো পেশাভিত্তিক প্রশিক্ষণও অগ্রাধিকার তালিকায় রয়েছে।
কাজু-কফি, পর্যটন ও স্থানীয় পণ্য প্রক্রিয়াজাতকরণে নতুন সম্ভাবনা
খাগড়াছড়ির অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় কৃষি ও পর্যটন খাতকে বিশেষ সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে। কাজুবাদাম, কফি, ফলমূল ও অন্যান্য কৃষিপণ্য চাষের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, মোড়কজাতকরণ ও বাজারজাতকরণে দক্ষতা তৈরির সুযোগ রয়েছে।
একই সঙ্গে পর্যটন ও খাদ্যসেবা, ইকোট্যুরিজম, কমিউনিটিভিত্তিক পর্যটন, হোমস্টে বা স্থানীয় আবাসনসেবা, রেস্তোরাঁ পরিচালনা, গ্রামীণ সরবরাহব্যবস্থা, মোবাইলভিত্তিক বাণিজ্য এবং যন্ত্রপাতি ও যানবাহন মেরামতকে সম্ভাবনাময় জীবিকার ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব খাতে প্রশিক্ষণ চালুর ক্ষেত্রে স্থানীয় চাহিদা, বাজারসম্ভাবনা ও প্রয়োজনীয় অনুমোদন বিবেচনা করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে খাগড়াছড়ির সম্ভাবনাময় কাজুবাদাম ও কফি চাষ এবং এসব কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণে উপযোগী প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
প্রশিক্ষণেই সীমাবদ্ধ নয়, কর্মসংস্থানের সংযোগও তৈরি করবে
প্রকল্পের গ্রাম পর্যায়ের প্রশিক্ষণকেন্দ্রগুলো শুধু দক্ষতা উন্নয়নের প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং কর্মসংস্থান ও যুব উন্নয়নের সমন্বিত সেবাকেন্দ্র হিসেবে কাজ করার পরিকল্পনা রয়েছে।
এসব কেন্দ্র থেকে তরুণ-তরুণীরা পেশাগত পরামর্শ ও দিকনির্দেশনা, শিক্ষানবিশি, ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ সম্পর্কে তথ্য পাবেন। পাশাপাশি নিয়োগকর্তা ও বাজারের সঙ্গে যোগাযোগ তৈরি, আর্থিক সেবা ও অর্থায়নের সুযোগ সম্পর্কে ধারণা এবং যুব নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ প্রশিক্ষণ গ্রহণের পর একজন তরুণ বা তরুণী যেন শুধু সনদ হাতে ঘরে ফিরে না যান, বরং অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে চাকরি, নিজস্ব ব্যবসা কিংবা আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যেতে পারেন, সেই সংযোগ তৈরিই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।
পাহাড়ের বাস্তবতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ
প্রকল্প বাস্তবায়নে পার্বত্য অঞ্চলের ভৌগোলিক ও সামাজিক বাস্তবতাকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, ভাষাগত বৈচিত্র্য, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা, দুর্বল ইন্টারনেট ও ডিজিটাল সংযোগ, পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সুবিধার ঘাটতি এবং প্রশিক্ষণ অবকাঠামোর স্বল্পতা কার্যক্রম বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এ ছাড়া ভূমিধস, আকস্মিক বন্যা, খরা ও শুষ্ক মৌসুমে পানির সংকটের মতো জলবায়ুজনিত ঝুঁকিও বিবেচনায় নিতে হবে।
নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সমান অংশগ্রহণ নিশ্চিত করাও প্রকল্পের গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে সামাজিক রীতিনীতি, নিরাপত্তা, বাল্যবিবাহ, চলাচলের সীমাবদ্ধতা ও তথ্যপ্রাপ্তির প্রতিবন্ধকতা বিবেচনায় নিয়ে অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা সভায় তুলে ধরা হয়।
সব মিলিয়ে, পার্বত্য চট্টগ্রামের ২১ হাজার তরুণ-তরুণীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের এ উদ্যোগ পাহাড়ের কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এর প্রকৃত সাফল্য নির্ভর করবে প্রশিক্ষণের মান, বাজারের সঙ্গে দক্ষতার সামঞ্জস্য, দুর্গম এলাকার মানুষের অংশগ্রহণ এবং প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থানের বাস্তব সুযোগ তৈরির ওপর।