চাঁদপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পড়ে থাকা মোবাইল ফোন থেকে তাঁর পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের খবর দেয় রেলওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ আদায় করে সকালে হাঁটতে বের হয়েছিলেন তাঁরা। এ সময় মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব পাশে লোকজনের জটলা দেখতে পান। পরে সেখানে গিয়ে রেললাইনের পাশে মেহেদীকে পড়ে থাকতে দেখেন। তাঁদের ধারণা, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলের পাশে মেহেদীর ব্যবহৃত একটি মোবাইল ফোন পড়ে ছিল। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোবাইল ফোন থেকে নম্বর সংগ্রহ করে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে।
নিহত মেহেদী পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন। তাঁর বাবার নাম সুমন। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুরের বলাখাল এলাকায়। তবে মেহেদী শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোবাইল ফোনের মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর বাবা ও মামা আসতেছেন।
তিনি আরও বলেন, তাঁর মরদেহ সুরতহালের জন্য নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের সদস্যরা এসে পৌঁছালে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। কীভাবে ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।