২৪ নভেম্বর ২০২৬, ০১:২৭

টেলিভিশন সাংবাদিকদের ‘ইউটিউবার’ বলায় বাগ্‌বিতণ্ডা, হামলায় আহত চিকিৎসক

আহত ডাক্তার  © সংগৃহীত

গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিদের তথ্য সংগ্রহকে কেন্দ্র করে সাংবাদিক ও চিকিৎসকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালের জরুরি বিভাগের কিছু অংশে ভাঙচুরের ঘটনাও ঘটে। 

জানা যায়, সংঘর্ষের খবর সংগ্রহ করতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে গেলে টেলিভিশন সাংবাদিকদের ‘ইউটিউবার’ বলে সম্বোধন করেন এক চিকিৎসক। এর প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চিকিৎসক অসীম কুমার ধর হামলার শিকার হন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে, চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকেরা জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেন। অন্যদিকে, ঘটনার পর সংবাদ সংগ্রহ বয়কটের ঘোষণা দিয়েছেন জেলার টেলিভিশন সাংবাদিকেরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসক অসীম কুমার ধর যখন রোগীর চিকিৎসা দিচ্ছিলেন, তখন হাসপাতালে একদল লোক এসে তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা চিকিৎসককে কিল, ঘুষি, চড় ও থাপ্পড় মারতে থাকেন। এ সময় তাকে চেয়ার দিয়ে আঘাত করারও চেষ্টা করা হয়। এতে চিকিৎসক মাথায় আঘাত পান।

এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কিছু অংশে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন হাসপাতালের অতিরিক্ত পরিচালক। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি জানালে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যথায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি ঘোষণা করবেন বলে জানিয়েছেন তারা।

ঘটনার বিষয়ে নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “আমরা সাংবাদ সংগ্রহ করতে গেলে আমাদেরকে ইউটিউবার বলে সম্বোধন করে। পরে এটার প্রতিবাদ করলে তারা আমাদের ওপর ক্ষিপ্ত হয়। এখানে কোন ধরনের হামলার ঘটনা ঘটেনি। জেলার টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিল সেখানে। সবাইকে লাঞ্চিত করেছে হাসপাতালের ডাক্তারা। এ ঘটনার পর আমরা সংবাদ সংগ্রহ বয়কট করেছি।”

এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলেও জানা গেছে। সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, তারা সংঘর্ষের খবর সংগ্রহ করতে হাসপাতালে গেলে তাদের ‘ইউটিউবার’ বলে সম্বোধন করা হয়। এর প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

গোপালগঞ্জ মেডিকেল কলেজের উপপরিচালক নিয়াজ মোহাম্মদ বলেন, সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এলে সাংবাদিকরা সেখানে তথ্য সংগ্রহ করতে যান। এ সময় একপর্যায়ে চিকিৎসক অসীম কুমার ধরের সঙ্গে তাদের বাক্‌বিতণ্ডা হয়। পরে তাকে মাথায় চেয়ার দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, আহত চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাতে অথবা আগামীকাল সকালে ঢাকায় নেওয়া হতে পারে। এ বিষয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর কথা হয়েছে।

চিকিৎসককে আহত করার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকেরা জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। পরে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন। হাসপাতালের পরিচালক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ ছাড়া গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

এর আগে, সোমবার রাতে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন। এ ঘটনার জের ধরে রাতে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে সড়কে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।