২৩ নভেম্বর ২০২৬, ১৮:৪১

‘আপা আপা করিস না, ৩০ টাকায় পাইবা না’, অভিনব কৌশলে শীতের পোশাক বিক্রি!

কাপড় বিক্রেতা জুনাইদ মিয়া  © সংগৃহীত

‘আপা, আপা করিস না, ৩০ টাকা পাইবা না। এক দাম, এক রেট, ৩০ টাকা পাইবা না’—এমন মজার স্লোগানে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন সুনামগঞ্জের এক ফুটপাতের কাপড় বিক্রেতা। তাঁর ব্যতিক্রমী হাঁকডাক শুনে কেউ দাঁড়িয়ে ভিডিও করছেন, কেউবা কৌতূহল নিয়ে দোকানে ভিড় করছেন। আর সুযোগ বুঝে ৩০ টাকায় কিনে নিচ্ছেন পছন্দের শীতের পোশাক।

গতকাল রবিবার (২২ নভেম্বর) এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে শীতের পোশাক নিয়ে বসেছেন ব্যবসায়ী জুনাইদ মিয়া। ভিডিও অনুসারে ক্রেতা টানতে তিনি বেছে নিয়েছেন এই অভিনব কৌশল। 

জুনাইদ মিয়া গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে সুনামগঞ্জে সূর্যের দেখা নেই। শীতও পড়েছে। কিন্তু দোকানে ক্রেতা সমাগম কম। তাই সবার নজর কাড়তে ভিন্ন এই পদ্ধতি বেছে নিয়েছি।’

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে সুনামগঞ্জে সূর্যের দেখা মিলছে না। এদিকে শীতের আগমনী বার্তায় শহরের ফুটপাতজুড়ে বসতে শুরু করেছে শীতবস্ত্রের দোকান। তুলনামূলক কম দামে পোশাক পাওয়ায় এসব দোকানে নিম্নআয়ের মানুষের পাশাপাশি সীমিত বাজেটের মধ্যবিত্ত পরিবারের ক্রেতারাও ভিড় করছেন।