সাবেক সংসদ সদস্য নিক্সনসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যা মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নাম উল্লেখসহ মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ১২টার দিকে নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নিক্সনকে ১ নম্বর আসামি এবং তার ৯৫ জন অনুসারীকে অন্যান্য আসামি করা হয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর রাত সোয়া ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হামলার শিকার হন রাজু মোল্লা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, নিক্সনের নির্দেশ ও অর্থায়নে অন্য আসামিরা হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করেন। একপর্যায়ে রাজু মোল্লার মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করা হয়। পরে তাঁকে সড়কে টেনেহিঁচড়ে নেওয়া হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলে যাওয়া পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে একটি ওয়াকিটকি ছিনিয়ে নেওয়া হয়।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার দিন আটক ২৬ জনকে এ মামলায় আসামি করা হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে পরে জানানো হবে বলে সাংবাদিকদের তিনি জানান।