‘নৈরাজ্যকে না’ স্লোগানে জবিতে র্যালি, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণার দাবি
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও সহিংসতার প্রতিবাদে ‘নৈরাজ্যকে না’ স্লোগানে র্যালি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (২৩ নভেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচি শেষে সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী দল ঘোষণার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে র্যালিটি শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন কর্মসূচির উদ্বোধন করেন। পরে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে আদালতের পাশের সড়ক ও রায়সাহেব বাজার মোড় ঘুরে ক্যাম্পাসে ফিরে আসে। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় ‘বিপ্লব-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘নৈরাজ্যকে না বলি, সবাই মিলে দেশ গড়ি’ এবং ‘সবার আগে বাংলাদেশ’সহ নানা স্লোগান দেন তারা।
কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কথিত অপতৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি।
জাতীয় ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানান। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণার দাবি তোলে জকসু।
জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবারও আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে জুলাই সনদ কার্যকর করার দাবি জানান।
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের রক্ত ঝরানো আওয়ামী লীগ আবারও অগ্নিসন্ত্রাস, লুটতরাজ, ভাঙচুর ও মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে জড়িয়েছে। আওয়ামী লীগকে কুখ্যাত সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে রাষ্ট্রীয়ভাবে সংগঠনটিকে সন্ত্রাসী ঘোষণা করার দাবি জানান তিনি। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের আহ্বান জানান।
সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও জাতি হিসেবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি। ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হানাহানি ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। অতীতে যারা অপকর্ম করেছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ থাকলে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে।
উপাচার্য আরও বলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, নৈরাজ্য সৃষ্টি করবেন না এবং কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না।’ দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে গঠনমূলক কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন কর্মকর্তা সমিতির সভাপতি খন্দকার হাবিবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভূইয়া, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের সভাপতি অধ্যাপক আজম খান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন আহমেদসহ কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতারা।