শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বডি স্প্রে-মদ জব্দ
শেরপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ডেনভার বডি স্প্রে, মদ ও মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব চোরাচালানি পণ্যের সর্বমোট সিজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, সোমবার শেরপুরের শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে আটক করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা।
এর আগে রবিবার (২২ নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবু বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় চোরাকারবারিদের অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ভারতীয় মদ ও মোবাইল ফোন আটক করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৭২ হাজার ৫০০ টাকা।
৩৯ বিজিবি জানায়, সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।