২৩ নভেম্বর ২০২৬, ১২:১৯

রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র  © সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করে উৎপাদনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের কারিগরি পরীক্ষা চালানো হবে।

প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. কবির হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘন্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সাথে সমন্বিত পরিচালন ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। 

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যিক্ত করা হলো।