২২ নভেম্বর ২০২৬, ২৩:৩০

ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু

অ্যাম্বুলেন্স  © প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে ডাকাতি করেছে মুখোশধারীরা। এ সময় ডাকাতদের কবলে পড়ে আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করেন এক প্রসূতি। পরে নবজাতকের মৃত্যু হয়। ডাকাতেরা পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটি চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আবদুল্লা আল নোমানের। তিনি ‘চুয়াডাঙ্গা পোস্ট’ নামের একটি অনলাইন পোর্টালের উপদেষ্টা সম্পাদক।

আবদুল্লা আল নোমান জানান, সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে যশোর যাচ্ছিলেন তারা। পথে সিংদহ গ্রামে পৌঁছালে সড়কের পাশের গাছ কেটে রাস্তায় ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে আনুমানিক ৭-৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল। এরপর তার, মা ও শাশুড়ির কাছে থাকা নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতেরা।

তিনি আরও জানান, ডাকাতির ঘটনায় তার স্ত্রী ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কের মধ্যেই অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেন তিনি। কিন্তু নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ আসে।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছিল। সেখানে একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে একজন গর্ভবতী রোগী ছিলেন। তার প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। নবজাতকের মৃত্যুর বিষয়টি তখন নিশ্চিত হওয়া যায়নি।’

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ‘ডাকাতির ঘটনা সত্য। প্রসূতির নবজাতক শিশুটিও মারা গেছে বলে শুনেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে। কালীগঞ্জ থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’