২২ নভেম্বর ২০২৬, ১৬:০১

কক্সবাজারে তিন মাসব্যাপী পর্যটন উৎসব উদ্বোধন আজ

কক্সবাজারের হোটেল শৈবাল সৈকত প্রাঙ্গণে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন হবে  © সংগৃহীত

কক্সবাজার মানেই নীল সমুদ্র, বালুকাবেলা আর ঝাউবনের মায়াবী সৌন্দর্য। তবে এবার শুধু দিনের আলোয় নয়, রাতের তারাভরা আকাশের নিচেও পর্যটকদের আনন্দে মাতিয়ে রাখতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগানের প্রায় ৩৫ একর জায়গাজুড়ে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। দিন-রাত ২৪ ঘণ্টার এ আয়োজনে থাকছে ১৬টি ভিন্নধর্মী বিনোদন ও অভিজ্ঞতার জোন।

আজ রবিবার (২২ নভেম্বর) বিকেলে কক্সবাজারের হোটেল শৈবাল সৈকত প্রাঙ্গণে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ‘ওয়েভ অব এক্সপেরিয়েন্স’ প্রতিপাদ্য এবং ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’ স্লোগানে আয়োজিত এ উৎসবের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় রয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।

আয়োজকদের প্রত্যাশা, এ কার্নিভালের মধ্য দিয়ে কক্সবাজারের পর্যটনে যুক্ত হবে নতুন মাত্রা। সমুদ্রসৈকতে ঘোরাঘুরির প্রচলিত অভিজ্ঞতার বাইরে পরিবার, শিশু, তরুণ ও বিদেশি পর্যটকদের জন্য তৈরি হবে বিনোদনের বহুমাত্রিক সুযোগ।

কার্নিভাল প্রাঙ্গণে থাকছে ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস সেন্টার, কিডস জোন ও ক্যাম্পিংয়ের ব্যবস্থা। পাশাপাশি দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য প্রদর্শনী। শিশুদের বিনোদনের পাশাপাশি বড়দের জন্যও রাখা হচ্ছে বিভিন্ন কার্যক্রম। সকালে যোগব্যায়াম, বিকেলে সাংস্কৃতিক পরিবেশনা এবং রাতে ক্যাম্পফায়ার ও তারাভরা আকাশ উপভোগের সুযোগ মিলবে।
প্রায় তিন হাজার মানুষের একসঙ্গে বসে খাবার খাওয়ার ব্যবস্থা থাকবে কার্নিভাল এলাকায়। বিভিন্ন স্টল থেকে পছন্দের খাবার সংগ্রহ করে নির্ধারিত স্থানে বসে খেতে পারবেন দর্শনার্থীরা।

কক্সবাজারে পর্যটকেরা সাধারণত দুই থেকে তিন দিন অবস্থান করেন। দিনের বেলায় সৈকত ও আশপাশের পর্যটনকেন্দ্র ঘুরে দেখার সুযোগ থাকলেও সন্ধ্যার পর বিনোদনের ক্ষেত্র তুলনামূলক সীমিত। এ কারণে পর্যটকদের অবস্থানের সময় বাড়ানো এবং রাতের পর্যটনকে জনপ্রিয় করতেই কার্নিভালের আয়োজন।

স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রজেক্ট অ্যান্ড বিজনেস ইন্টিগ্রেশনের লিড আহমেদ সুপ্রতিম বলেন, কক্সবাজারকে শুধু সমুদ্র উপভোগের গন্তব্য হিসেবে দেখলে পর্যটনের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো সম্ভব নয়। পর্যটকদের জন্য দিন-রাত নানা ধরনের বিনোদন ও কার্যক্রম নিশ্চিত করা প্রয়োজন।

তিনি জানান, পরিবারের প্রত্যেক সদস্যের কথা বিবেচনায় রেখে আয়োজন সাজানো হয়েছে। শিশুদের জন্য কিডস জোন, শরীর ও মনের সুস্থতায় ওয়েলনেস সেন্টার, কেনাকাটার জন্য মার্কেটপ্লেস এবং বিনোদনের জন্য উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা থাকছে। প্রতিদিন সন্ধ্যায় দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
কার্নিভালের অন্যতম বড় আকর্ষণ হতে যাচ্ছে বালুর ভাস্কর্য প্রদর্শনী। আন্তর্জাতিক শিল্পীদের হাতে তৈরি হবে বাংলাদেশের প্রকৃতি, প্রাণী, ইতিহাস ও লোকজ জীবনের নানা চিত্র।

পরিকল্পনা অনুযায়ী, তৈরি করা হবে ১৫ থেকে ২০টি ভাস্কর্য। এর মধ্যে হাতি, ইলিশ, জেলে ও সুন্দরবনের পাশাপাশি থাকবে ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লার প্রতিকৃতি। এ আয়োজনে অংশ নিতে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস থেকে এসেছেন দুই শিল্পী পল হগার্ড ও রেমি হগার্ড।

যুক্তরাজ্যের শিল্পী পল হগার্ড জানান, তিন দশকের বেশি সময় ধরে তিনি বালুর ভাস্কর্য তৈরি করছেন। এ পর্যন্ত প্রায় ২০০ থেকে ২৫০টি পূর্ণাঙ্গ হাতির ভাস্কর্য নির্মাণ করেছেন। বাংলাদেশে এসে কক্সবাজারের বালুতে কাজ করার অভিজ্ঞতাকে তিনি বিশেষ আনন্দের বলে উল্লেখ করেন।

নেদারল্যান্ডসের শিল্পী রেমি হগার্ড বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো বালুর ভাস্কর্য তৈরির সুযোগ পেয়ে তাঁরা আনন্দিত। দেশের প্রকৃতি, প্রাণী ও মানুষের জীবনযাত্রাকে শিল্পকর্মে ফুটিয়ে তুলছেন তাঁরা। হাতির পাশাপাশি মাছ ধরার নৌকা ও জেলের ইলিশ ধরার দৃশ্যও তুলে ধরা হবে।

বাংলাদেশি বালুশিল্পী জীবন রায়ের জন্যও এ আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১২ সালে এ শিল্পে যাত্রা শুরু করা জীবন রায় দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে নিয়ে কক্সবাজারে বড় পরিসরে ভাস্কর্য তৈরির স্বপ্ন দেখেছেন। এবার সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পেয়েছেন তিনি। তাঁর লক্ষ্য, শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, জীববৈচিত্র্য এবং জেলে-কৃষকের জীবনসংগ্রাম আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরা।

হোটেলের চার দেয়ালের বাইরে প্রকৃতির কাছাকাছি রাত কাটানোর অভিজ্ঞতা দিতে কার্নিভালে যুক্ত করা হয়েছে ক্যাম্পিংয়ের ব্যবস্থা। সমুদ্রের কাছাকাছি তাঁবুতে রাত কাটানোর পাশাপাশি থাকবে ক্যাম্পফায়ার ও রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগ।

এ ছাড়া গো-কার্টিং, কায়াকিং ও বিভিন্ন বিচ স্পোর্টসের মাধ্যমে পর্যটকেরা বাড়তি বিনোদনের সুযোগ পাবেন।

আহমেদ সুপ্রতিম জানান, কার্নিভাল ২৪ ঘণ্টা চালু রাখার পরিকল্পনা রয়েছে। ফলে পর্যটকেরা নিজেদের সুবিধামতো সময়ে এসে সূর্যোদয়, সূর্যাস্ত কিংবা রাতের সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

বড় পরিসরের এ আয়োজন নির্বিঘ্ন রাখতে নিরাপত্তাব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে ফেস ডিটেকশনসহ আধুনিক নজরদারিব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আহমেদ সুপ্রতিম বলেন, বিদেশি পর্যটকদের কাছে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চলছে।

কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানসহ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কার্নিভাল বাস্তবায়ন করছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।

তিন মাসের এ উৎসব ঘিরে আয়োজকদের প্রত্যাশা, কক্সবাজারের পর্যটন আর শুধু দিনের সৈকতকেন্দ্রিক থাকবে না; বরং রাতের বিনোদন, সংস্কৃতি, খাবার, কেনাকাটা ও অ্যাডভেঞ্চারের সমন্বয়ে গড়ে উঠবে নতুন পর্যটন অভিজ্ঞতা। এতে পর্যটকদের অবস্থানের সময় বাড়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং পর্যটননির্ভর অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।