ময়মনসিংহে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের
ময়মনসিংহের গৌরীপুর-কলতাপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় রেইন্ট্রিগাছের সঙ্গে ট্রাকের সজোরে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটির হেল্পার গুরুতর আহতসহ দুই শ্রমিক আহত হয়েছেন।
রবিবার (২২ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে গৌরীপুর পৌরসভার সীমানা পার হয়ে গুজিখাঁ এলাকার বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম মো. ইউনুছ (৪৫)। তিনি পঞ্চগড় সদর উপজেলার জগধর গ্রামের আব্দুর রউফের ছেলে। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। আহত হেল্পার আরিফের (২৫) পায়ে গুরুতর হয়েছে। এছাড়া ট্রাকে থাকা অপর দুই শ্রমিক আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালুবাহী ট্রাকটি পঞ্চগড় থেকে গৌরীপুরে এসেছিল। বালু নামিয়ে খালি অবস্থায় ফেরার পথে ভোররাত আনুমানিক ৩টার দিকে গুজিখাঁ এলাকার বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডের সামনের রাস্তায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বড় রেইন্ট্রি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ইউনুছ মাথায় গুরুতর আঘাত পান। খবর পেয়ে ভোর পৌনে ৪টার দিকে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক ইউনুছকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার এসআই অফিসার এসআই মোস্তাফিজ জানান, ভোর পৌনে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মালিকপক্ষ বা সংশ্লিষ্ট কেউ মামলা করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।