২২ নভেম্বর ২০২৬, ০৯:৫২

নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন

চলন্ত বাসে আগুন   © টিডিসি ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় চলন্ত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাতে সাড়ে ১২টার দিকে মঞ্জিল পরিবহনের বাসটিতে আগুন লাগে। এ সময় বাসে থাকা চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। এতে কেউ হতাহত হননি। তবে আগুনে বাসের ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের দিকে যাচ্ছিল। পথে বাসটি সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক ও হেলপার দ্রুত বাস থামান। এ সময় বাসে থাকা যাত্রীরাও দ্রুত নেমে যান। পরে তাঁরা নিরাপদ স্থানে অবস্থান নেন।

খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুন বাসের ভেতরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে বাসের অভ্যন্তরীণ বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়।

এ বিষয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে বাসে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, বাসচালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, ঘটনার সময় বাসটিতে দুজন যাত্রী ছিলেন। আগুন লাগার আগে তাঁরা বাস থেকে নেমে যান। ফলে এ ঘটনায় কোনো যাত্রী বা অন্য কারও হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনে বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে গেলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।