২১ নভেম্বর ২০২৬, ১৯:১৩

মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক্সবাজারে

আটককৃত রোহিঙ্গা তরুণরা  © সংগৃহীত

সাগরপথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৭২ জনকে ট্রলারে তুলে চার দিন বঙ্গোপসাগরে ঘুরিয়েছে দালাল চক্র। শেষ পর্যন্ত তাঁদের কাউকেই মালয়েশিয়া নেওয়া হয়নি। বরং মাঝরাতে কক্সবাজার সমুদ্রসৈকতে নামিয়ে দিয়ে পালিয়ে গেছেন দালাল চক্রের সদস্যরা। এ ঘটনায় ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। বাকি যাত্রীরা সৈকত থেকে পালিয়ে গেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই রোহিঙ্গা নাগরিক। মালয়েশিয়া যাওয়ার আশায় তাঁরা দালাল চক্রকে ১০ থেকে ১৫ হাজার টাকা করে দিয়েছিলেন।

উদ্ধার হওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার (১৬ নভেম্বর) টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট আকৃতির কয়েকটি মাছ ধরার নৌকায় করে ৭২ জনকে গভীর সাগরে নিয়ে যাওয়া হয়। সেখানে অপেক্ষমাণ একটি বড় কাঠের ট্রলারে তাঁদের তুলে দেওয়া হয়। ওই দিন রাতে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে।

তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠলে ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি উপকূলে অবস্থান নেয়। এর মধ্যে বৃহস্পতিবার রাতে যাত্রীদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়া নিয়ে ট্রলারের মাঝিমাল্লা ও দালালদের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজার সমুদ্রসৈকতে নিয়ে আসেন মাঝিমাল্লারা। পরে যাত্রীদের পানিতে নেমে পালিয়ে যেতে বলেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ট্রলারটি কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে ভেড়ে। এ সময় ট্রলারে থাকা নারী-পুরুষেরা কোমরসমান পানিতে ঝাঁপ দিয়ে সৈকতে উঠতে থাকেন। তাঁদের কেউ কেউ পাশের ঝাউবাগানে আশ্রয় নেন। পরে কয়েকটি দলে ভাগ হয়ে অনেকে শহরের দিকে চলে যান।

খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁরা ২৮ জনকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। এদিকে ট্রলারটি সৈকতে রেখেই মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যরা পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, টেকনাফ থেকে ট্রলারে তুলে যাত্রীদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল। কিন্তু নিজেদের মধ্যে বিরোধের জেরে দালাল চক্রের সদস্যরা গভীর রাতে তাঁদের কক্সবাজার সৈকতে নামিয়ে দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে।

ওসি আরও বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশির ভাগ রোহিঙ্গা। বাকিরা কক্সবাজারের টেকনাফ, বান্দরবানের নাইক্ষ্যংছড়িসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে এবং বাংলাদেশি নাগরিকদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাচারের কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করে কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। পালিয়ে যাওয়া দালালদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজন দালালের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া গ্রামের বাসিন্দা মো. ইলিয়াছ জানান, গত ১৬ নভেম্বর সন্ধ্যায় টেকনাফের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে তাঁকেসহ আরও ১৬ জনকে ছোট একটি নৌকায় তুলে গভীর সাগরে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের বড় একটি ট্রলারে তোলা হয়। ওই ট্রলারে আগে থেকেই ৪০ জনের বেশি নারী-পুরুষ ছিলেন।

ইলিয়াছ বলেন, ওই দিন রাতে ৭২ জন যাত্রী নিয়ে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। সেন্ট মার্টিনের কাছাকাছি পৌঁছানোর পর ট্রলারের মাঝিমাল্লা ও দালালদের মধ্যে ঝগড়া শুরু হয়। এ বিরোধের জেরেই শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজার সৈকতে ভেড়ে। ট্রলারে মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্য মিলিয়ে মোট ১৭ জন ছিলেন।