ঝালকাঠিতে টানা বৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ঝালকাঠির জনজীবন। টানা তিন দিনের ভারী ও মাঝারি বৃষ্টিতে শহর ও গ্রামাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও শ্রমজীবীরা। অন্যদিকে, বৃষ্টির পানিতে রোপা আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। কোথাও কোথাও জমির ধান হেলে পড়েছে, আবার শীতকালীন সবজির ক্ষেতেও দেখা দিয়েছে ক্ষতির চিত্র।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবারও থেমে থেমে অব্যাহত থাকায় ঝালকাঠি শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। প্রতিদিনের চিরচেনা ব্যস্ততা নেই শহরের সড়কগুলোতে। বৃষ্টির কারণে ক্রেতা ও পথচারীর সংখ্যা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও।
শহরের বিভিন্ন এলাকায় দেখা যায়, বৃষ্টির মধ্যে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন রিকশা ও অটোরিকশাচালকরা। কিন্তু যাত্রী কম থাকায় তাদের আয়ও কমে গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না তারা। এতে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এসব শ্রমজীবী মানুষ। রিকশাচালক হাকিম সিকদার বলেন, বৃষ্টির কারণে রাস্তায় মানুষজন কম বের হচ্ছে। যাত্রীও তেমন পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও আয় হচ্ছে না। অথচ প্রতিদিনের আয় দিয়েই সংসার চালাতে হয়। এভাবে বৃষ্টি চলতে থাকলে পরিবার নিয়ে খুব কষ্টে পড়তে হবে।
অন্যদিকে, ঝালকাঠির বিভিন্ন খেয়াঘাটেও দেখা দিয়েছে দুর্ভোগ। বিশেষ করে নলছিটিমুখী যাত্রীদের বৃষ্টির মধ্যে খেয়া পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই জীবিকার তাগিদে মানুষকে যাতায়াত করতে দেখা গেছে। ট্রলারচালক করিম মাঝি বলেন, বৃষ্টির কারণে নদীতে যাত্রী চলাচল কমে গেছে। যারা জরুরি প্রয়োজনে পারাপার হচ্ছেন, তাদের নিয়েই ট্রলার চালাতে হচ্ছে। বৈরী আবহাওয়ায় নদীতে চলাচল করতেও কিছুটা সমস্যা হচ্ছে। যাত্রী কম থাকায় আয়ও কমে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের মতো শ্রমজীবী মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
এদিকে, টানা বৃষ্টিতে কৃষি খাতেও দেখা দিয়েছে উদ্বেগ। কৃষকরা জানান, রোপা আমন ধানে শীষ বের হয়েছে। এ অবস্থায় অতিবৃষ্টিতে জমিতে পানি জমে ধানগাছ হেলে পড়ছে। পাশাপাশি শীতকালীন বিভিন্ন সবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের লালশাক, ধনেপাতা, পালংশাক, মূলাশাক ও লাউগাছ বৃষ্টির পানিতে পচে নষ্ট হয়ে গেছে। কৃষক হারুন ও কামরুল ইসলাম বলেন, বৃষ্টিতে তাদের শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। লালশাক, ধনেপাতা, পালংশাক, মূলাশাক ও লাউগাছ সব নষ্ট হয়ে গেছে। পাশাপাশি আমন ধানও হেলে পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, টানা বৃষ্টিতে কিছু জমির ধান হেলে পড়েছে। এ ছাড়া মাঠে থাকা খেসারির ডালেও পানি জমে ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলে এবং দ্রুত জমির পানি নেমে গেলে ফসলের বড় ধরনের ক্ষতি হবে না। কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক মাঠপর্যায়ের পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।
সব মিলিয়ে টানা বৃষ্টিতে ঝালকাঠির সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। একদিকে জীবিকার তাগিদ, অন্যদিকে বৈরী আবহাওয়া—এ দুইয়ের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে নিম্নআয়ের মানুষদের। একই সঙ্গে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।