পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, যা লেখা আছে
প্রায় পাঁচ মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দানবাক্সের টাকা গণনার সময় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি তাকে ছাড়া দেশ অচল বলেও উল্লেখ করেছেন চিঠির লেখক।
চিঠির শুরুতে লেখা রয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’
চিঠিতে বলা হয়, ‘এ দেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারও কাছে নিরাপদ নয়।’
শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন লেখক।
চিঠিতে আরও লেখা হয়েছে, ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল।’ চিঠির শেষাংশে বাংলার ১৮ কোটি মানুষের দাবি উল্লেখ করা হয়েছে। সবশেষে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা রয়েছে।
পাগলা মসজিদে মানুষ নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে দান করেন। দানের টাকার পাশাপাশি কখনো কখনো দানবাক্সে পাওয়া যায় মানুষের ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা ও না বলা কথার প্রকাশ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনা জানিয়ে লেখা এই চিঠিও তেমন একটি প্রকাশ।
মনোবাসনা পূরণের আশায় প্রতিদিন হাজার হাজার মানুষ পাগলা মসজিদে নামাজ পড়তে ও দান করতে আসেন। বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ মসজিদটিতে নামাজ আদায় ও দান করেন।