২১ নভেম্বর ২০২৬, ১২:৩৫

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল  © সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় মোস্তফা (২৫) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি ওয়ার্কশপের কর্মচারীদের বিরুদ্ধে। শনিবার (২১ নভেম্বর) ভোরে নাগদারপাড় ইকো পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যায়। এরপর ওয়ার্কশপের কর্মচারীরা তাকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে।’

নিহত মোস্তফা খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নিয়ামত আলী।

এসআই অনয় চন্দ্র পাল বলেন, ‘মোস্তফা একেক সময় একেক ধরনের কাজ করতেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।’