পাগলা মসজিদের ১৫ দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। প্রায় পাঁচ মাস পর শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্সগুলো খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ। নগদ অর্থের পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণ-রুপার অলঙ্কার ও বিভিন্ন দেশের মুদ্রা।
সকাল ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ৫১টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়। সেখানে মেঝেতে টাকা ঢেলে গণনার কাজ শুরু করেন মাদ্রাসার প্রায় ৪০০ শিক্ষার্থী, ১০ জন শিক্ষক এবং রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা। টাকা গণনা ও নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, দিনভর গণনা শেষে শনিবার সন্ধ্যায় দানের মোট টাকার পরিমাণ জানা যাবে।
এর আগে চলতি বছরের ২৭ জুন ছয় মাস পর মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে যার পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। সেবারও নগদ অর্থের পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণ-রুপার অলঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া যায়।
পাগলা মসজিদকে ঘিরে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিশ্বাস ও জনশ্রুতি প্রচলিত রয়েছে। অনেকের বিশ্বাস, এ মসজিদে মানত করলে রোগ-শোক দূর হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রী দান করেন। সব ধর্মের মানুষই এসব দানে অংশ নেন।
জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মাঝখানে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকার হারুয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে বহু ভক্তের সমাগম ঘটে। ওই ব্যক্তির মৃত্যুর পর তার সমাধির পাশে মসজিদটি গড়ে ওঠে। কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।
কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর মসজিদটি অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্ফ এস্টেটের অধীনে মসজিদটি পরিচালিত হয়ে আসছে।