২১ নভেম্বর ২০২৬, ১০:৫৬

গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন  © টিডিসি

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

নিহতরা হলেন খুলনার শিরোমণি এলাকার মো. কাউসারের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩০) ও পাইকগাছা উপজেলার মোহাম্মদ টুটুল সরদারের ছেলে রিফাত সরদার (২৫)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকায় পিষ্ট হয়ে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।