২০ নভেম্বর ২০২৬, ২৩:১৩

সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক

তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক  © টিসিডি ছবি

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার পানিহাতা মিশনমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার পানিহাতা মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়ার বাসিন্দা আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), নুরজাহান খাতুন, আকিব, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।