২০ নভেম্বর ২০২৬, ২১:০৬

বিয়ের দিনেই মিলল হবু বধূর মরদেহ, একই দিনে আরেক তরুণীর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে বিয়ের দিনেই মিলল হবু বধূর মরদেহ, একই দিনে আরেক তরুণীর মৃত্যু  © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুটি স্থান থেকে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে। নিহত দুই তরুণীর একজনের আজকে বিয়ের দিন ধার্য ছিল।

নিহতরা হলেন বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে স্বর্ণাকে তাঁর বসতঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

অন্যদিকে, একই দিন সকালে আউলিয়াবাদ গ্রামের নিজ বাড়িতে সুমাইয়া জান্নাত তন্নীকে ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, শুক্রবারই তাঁর বিয়ের দিন ধার্য ছিল।

খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ পৃথক ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীর মরদেহ উদ্ধার করে। তবে তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা জানা যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, পুলিশ পৃথক দুটি স্থান থেকে দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।