২০ নভেম্বর ২০২৬, ১৮:১৬

নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ।  © টিডিসি সম্পাদিত

নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি থেকে নাপিতের পোল এলাকা পর্যন্ত মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে তিনটার দিকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন তাঁরা। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।

একপর্যায়ে মিছিলকারীরা নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের ভবনের সামনে গিয়ে হামলা চালান। তাঁরা ভবনের প্রধান ফটকে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। এ সময় ভবনের বাইরের দুটি জানালার থাই গ্লাসও ভাঙচুর করা হয়। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান।

তাৎক্ষণিকভাবে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে ভবনের প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়। মিছিলকারীরা সড়কে প্রায় ১০ মিনিট মিছিল করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে বৃষ্টির মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের সঙ্গে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচির একটি ব্যানারও ছিল।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের কার্যালয়। পরে তাঁরা কার্যালয়টির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময়ে জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।