জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান আনাছ, লাশ হয়ে ফিরলেন দেশে
জীবিকার তাগিদে একসময় প্রবাসে পাড়ি জমিয়েছিলেন আনাছ কিন্তু একটি মর্মাান্তিক দূর্ঘটনায় কেড়ে নেয় তার প্রাণ। দীর্ঘ অপেক্ষার পর মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসী আনাছের (২৪) মরদেহ নিজ বাড়িতে পৌঁছেছে। প্রিয়জনের মরদেহ ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা সহ পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আনাছের মরদেহ ঢাকায় পৌঁছায়। পরে রাতেই অ্যাম্বুলেন্সযোগে মরদেহ ভোলার চরফ্যাশন উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
এর আগে গত ৯ নভেম্বর মালয়েশিয়ায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন আনাছ। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে বৃহস্পতিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। নিহত আনাছ চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল হক হাওলাদারের ছেলে।
মরদেহ বাড়িতে পৌঁছানোর পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সন্তানকে শেষবারের মতো কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে শোকাবহ হয়ে ওঠে পুরো এলাকা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার সকাল ১১টায় নিজ বাড়িতে আনাছের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।