১৯ নভেম্বর ২০২৬, ২০:৩৪

নওগাঁয় ৫২ লাখ টাকার সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নওগাঁর নিয়ামতপুরে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫ হাজার বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ।  © টিডিসি সম্পাদিত

নওগাঁর নিয়ামতপুরে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৫২ লাখ টাকা মূল্যের ৫ হাজার বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার খড়িবাড়ি বাজারে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে।

সকাল সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানে আঘোর বাজারের মেসার্স আলামিন ট্রেডার্স থেকে ২১৪ বস্তা সার জব্দ করা হয়। এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া খড়িবাড়ী বাজারের মেসার্স সিমা এন্টারপ্রাইজ থেকে ১ হাজার ২০০ বস্তা এবং সাদাপুর খড়িবাড়ী বাজারের মেসার্স বুলবুল ট্রেডার্স থেকে ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়। প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী যথাক্রমে নূরে আলম সিদ্দক হোসেন ও মো. বুলবুল আহম্মেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, জব্দ করা সার বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি শুরু হয়েছে।