১৯ নভেম্বর ২০২৬, ১৬:০৪

সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার টাঙিয়ে পালালেন আ.লীগের কর্মীরা

সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টাঙিয়ে দেন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী  © সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টাঙিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের স্বাধীনতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুটি মোটরসাইকেলে করে ৬-৭ জন ব্যক্তি স্বাধীনতা চত্বরের সামনে আসেন। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তারা সেখানে ঝটিকা মিছিল শেষে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। হেলমেট ও মাস্ক পরিহিত ওই ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছে, জনবহুল এলাকায় এমন প্রকাশ্য কর্মকাণ্ডের সময় স্থানীয় রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল। জামায়াত, বিএনপি, ছাত্রদল, ছাত্রশিবির ও এনসিপিসহ স্থানীয় রাজনৈতিক দল ও সংগঠনগুলোর নেতাকর্মীরা এ ধরনের ঘটনায় কী ভূমিকা রাখছেন, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং জননিরাপত্তা নিশ্চিত করা হোক।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, পুলিশ সারারাত নিরলসভাবে দায়িত্ব পালন করেছে। সকালে দায়িত্ব শেষে পুলিশ সদস্যরা বিশ্রামে ছিলেন। বিষয়টি জানার পর গুরুত্বের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ ব্যানারটি নামিয়ে পুড়িয়ে ধ্বংস করে। তিনি আরও বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের পরিচয় পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বৃহস্পতিবার দেশজুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে দলটি যানবাহন, দোকানপাট, শিল্পকারখানা, সরকারি-বেসরকারি দপ্তর, ব্যাংক, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। এর আগে ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত একাধিক কর্মসূচি ঘোষণা করে দলটি।