বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে মিলল স্কুল শিক্ষকের মরদেহ
নিখোঁজের প্রায় ৩১ ঘণ্টা পর সুরমা নদীতে ভেসে উঠল অদ্বৈত্য সরকার আদিত্য (৫৫) নামের এক স্কুলশিক্ষকের মরদেহ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে নেত্রকোনার খালিয়াজুরী ও কিশোরগঞ্জের ইটনা উপজেলার মধ্যবর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেন।
নিহত অদ্বৈত্য সরকার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের ছেলে। তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয় লোকজন জানান, ইটনা উপজেলার রমানাথপুর ও খালিয়াজুরী উপজেলার চাঁদপুর গ্রামের মধ্যবর্তী স্থানে সুরমা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বাড়ির পাশের সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন অদ্বৈত্য সরকার। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। রাত ১১টার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। নিখোঁজের প্রায় ৩১ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে নদীতে মরদেহ ভাসার খবর পান স্বজনেরা।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।