১৯ নভেম্বর ২০২৬, ১৫:১৪

গোপালগঞ্জে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও ক্যামেরায় নজরদারি

গোপালগঞ্জে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে  © সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দেশের সাত জেলায় মোট ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ঢাকায় ২৩, চট্টগ্রামে ১৫, গাজীপুরে ১৫, নারায়ণগঞ্জে ৬, ফরিদপুরে ৩ ও ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এ ছাড়া আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন এলাকায় নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট জেলাগুলোতে তাদের সদস্যরা কাজ করছেন।