নিরাপদ প্রত্যাবাসনের আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা
নিজ দেশে ফিরে যেতে চান রোহিঙ্গারা। ফিরে পেতে চান হারানো বসতভিটা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার। তবে সেই প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। দীর্ঘ নয় বছর ধরে শরণার্থীজীবন কাটানো রোহিঙ্গাদের চোখ এখন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দিকে। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যার মামলার রায় আজ ১৯ নভেম্বর ঘোষণা করা হবে। এ রায় ঘিরে কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরগুলোতে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ন্যায়বিচারের প্রত্যাশা থাকলেও দ্রুত প্রত্যাবাসন নিয়ে শঙ্কা কাটছে না তাঁদের।
রোহিঙ্গাদের প্রত্যাশা, আইসিজের রায়ে রাখাইনে তাঁদের ওপর চালানো নির্যাতন ও গণহত্যার বিচারিক স্বীকৃতি মিলবে। একই সঙ্গে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং নিজ দেশে ফেরার অনুকূল পরিবেশ তৈরিতে বিশ্ব সম্প্রদায় আরও কার্যকর ভূমিকা রাখবে। তবে আদালতের রায়ের পরপরই প্রত্যাবাসন শুরু হবে—এমন সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মিয়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতা, রাখাইনে চলমান সংঘাত, নাগরিকত্বের জটিলতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক বাস্তবতা প্রত্যাবাসনের পথে বড় বাধা হয়ে রয়েছে।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের বলেন, ‘রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও জাতিগত নিপীড়নের বিচারিক স্বীকৃতি মিলবে বলে আমরা আশাবাদী। এ রায় মিয়ানমারে আমাদের ঐতিহাসিক অস্তিত্ব ও অধিকার প্রতিষ্ঠার দাবিকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে। সেই চাপ রাখাইনে নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ সুগম করতে ভূমিকা রাখতে পারে।’
তবে আদালতের রায় বাস্তবায়ন নিয়ে সংশয়ও রয়েছে বলে জানান তিনি। জোবায়ের বলেন, আন্তর্জাতিক রাজনীতি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার কারণে সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। তারপরও এ মামলার রায় রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের মনোযোগ বাড়াবে বলে তাঁরা আশা করছেন।
২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এর আগে বিভিন্ন সময়ে আসা রোহিঙ্গাদের নিয়ে বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচরে ৩৩টি ক্যাম্পে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। দীর্ঘ সময় ধরে শরণার্থীজীবন কাটলেও তাঁদের স্বদেশে ফেরার অনিশ্চয়তা কাটেনি।
রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার দাবিতে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মামলায় অভিযোগ করা হয়, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান, হত্যা ও নির্যাতনের ঘটনা ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন।
২০২০ সালের ২৩ জানুয়ারি অন্তর্বর্তী আদেশে আইসিজে মিয়ানমারকে গণহত্যা সনদের আওতাভুক্ত অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং এ-সংক্রান্ত প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেন। পরে মামলার এখতিয়ার ও গ্রহণযোগ্যতা নিয়ে মিয়ানমারের উত্থাপিত আপত্তি ২০২২ সালের ২২ জুলাই খারিজ করে দেন আদালত। চলতি বছরের ১২ থেকে ২৯ জানুয়ারি মামলার মূল বিষয়ে প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়।
গত ৩ নভেম্বর আইসিজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ নভেম্বর বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় প্রকাশ্য অধিবেশনে মামলার রায় ঘোষণা করা হবে। আদালতের সভাপতি বিচারক ইওয়াসাওয়া ইউজি রায় পাঠ করবেন।
মামলাটির আন্তর্জাতিক গুরুত্বের আরেকটি দিক হলো, এতে ১১টি দেশের অংশগ্রহণ। কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য যৌথভাবে মামলায় হস্তক্ষেপের ঘোষণা দিয়েছে। এ ছাড়া মালদ্বীপ, স্লোভেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ড পৃথকভাবে হস্তক্ষেপের আবেদন করেছে। আইসিজের সংবিধির ৬৩ অনুচ্ছেদের আওতায় এসব দেশের অংশগ্রহণ গণহত্যা সনদের ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহের প্রতিফলন।
ইউসিআরের সভাপতি কিন মং বলেন, সংকটের সময় বাংলাদেশের সরকার ও জনগণ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা তাঁরা কখনো ভুলবেন না। তবে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের কোনো ইচ্ছা তাঁদের নেই। নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করে দ্রুত নিজ দেশে ফিরে যেতে চান তাঁরা।
গাম্বিয়ার পক্ষে রায় এলে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতনের বিচারিক স্বীকৃতি প্রতিষ্ঠিত হবে এবং অপরাধে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার পথ আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন কিন মং।
আইসিজের রায় ঘিরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও চলছে নানা আলোচনা। উখিয়ার একটি ক্যাম্পের বাসিন্দা নুর কালাম বলেন, ‘আমরা আর শরণার্থী হিসেবে বাংলাদেশে থাকতে চাই না। নিজেদের দেশ মিয়ানমারে ফিরে যেতে চাই। তবে শুধু ফিরে গেলেই হবে না, সেখানে আমাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচারের পাশাপাশি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে।’
টেকনাফের রোহিঙ্গা বাসিন্দা করিম উল্লাহ বলেন, গণহত্যার নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। হত্যাযজ্ঞে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর অংশ হিসেবে গত ২৭ আগস্ট ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদ সম্মেলনের সাইডলাইনে গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী দাউদা এ জালোর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে আইসিজের মামলা, রোহিঙ্গা সংকট এবং নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান মনে করেন, আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার ও প্রত্যাবাসনের দাবিকে আন্তর্জাতিক পরিসরে আরও জোরালো করতে পারে। তাঁর মতে, আদালতের সিদ্ধান্তে মিয়ানমারে রোহিঙ্গাদের ঐতিহাসিক বসবাসের বিষয়টি স্বীকৃতি পেলে তাঁদের ‘বহিরাগত’ হিসেবে উপস্থাপনের দেশটির অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়বে।
তবে রায়ের পরপরই প্রত্যাবাসন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন তিনি। বরং এ রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক সমর্থন বাড়ানো এবং মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টির সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সেটিই হবে বড় অগ্রগতি।
রোহিঙ্গাদের কাছে ১৯ নভেম্বরের রায় তাই শুধু একটি মামলার রায় নয়; এটি তাঁদের হারানো অধিকার ফিরে পাওয়া, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিরাপদে স্বদেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার সঙ্গে জড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ প্রত্যাশা।