ঢাকা থেকে পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে আজ
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস। আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত এ রেল যোগাযোগের যাত্রা শুরু হবে। এর ফলে রাজধানীর সঙ্গে পাবনার সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে এবং জেলাটির মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি কমবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রেনটির উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলী আসগার এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) থেকে শুরু হবে ট্রেনটির নিয়মিত বাণিজ্যিক যাত্রা।
নির্ধারিত সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
ঢাকা-পাবনা-ঢাকা রুটে চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম এ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে। এসব স্টেশনে যাত্রাবিরতির ফলে সংশ্লিষ্ট এলাকার যাত্রীরাও ট্রেন সার্ভিসটির সুবিধা পাবেন।
এতদিন সরাসরি আন্তঃনগর ট্রেন না থাকায় ঢাকা ও পাবনার মধ্যে যাতায়াতে ভোগান্তিতে পড়তে হতো যাত্রীদের। নতুন এ ট্রেন সার্ভিস চালুর ফলে রাজধানীর সঙ্গে পাবনার সরাসরি ও নিরাপদ রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি যাতায়াতের সময় ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘আমরা অনেক আগেই জোড়া তালি দিয়ে ঢাকা-পাবনা ট্রেন চালু করতে পারতাম কিন্তু পাবনাবাসীর আবেগের প্রতি শ্রদ্ধা রেখে, আমরা চেয়েছি সম্পূর্ণ নতুন কোচ দিয়ে এই রুটে ট্রেন চালু করা। প্রধানমন্ত্রীর সম্মতিতে সেটি বাস্তবায়িত হওয়ায় আমরাও আন্দিত।’
দীর্ঘদিন ধরে ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে নতুন কোচ দিয়ে ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় তাঁদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে। নতুন এ রেল যোগাযোগের মাধ্যমে রাজধানীর সঙ্গে পাবনার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।