১৮ নভেম্বর ২০২৬, ১৫:৫৮

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যুবদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল  © সংগৃহীত

সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, সারা দেশে বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগ এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি। অতীতেও ক্ষমতায় থাকাকালে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি করতে একটি গোষ্ঠী বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শামীম তালুকদার বলেন, ঝালকাঠিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো স্থান হবে না। কেউ আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। এ সময় গত রাতে বোরকা পরে মিছিল করার অভিযোগ তুলে তিনি বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের সহিংসতা থেকে বিরত থাকতে হবে। রাস্তায় সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর প্রতিরোধের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নিয়ে সহিংস কর্মকাণ্ডে জড়িতদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পান্নু, যুগ্ম আহ্বায়ক মো. শহীদুল ইসলাম, সেলিম হাসান, এনামুল হক সাজু ও শহিদুল ইসলাম বাদল, পৌর যুবদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন, সদস্য রুবেল ফকির, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ও আরাফাত রহমান মিঠুসহ জেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে জেলা যুবদলের নেতৃবৃন্দের নেতৃত্বে শহরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।