চার পরীক্ষায় প্রথম শ্রেণি, ডেঙ্গুতে থামল মেধাবী শিক্ষার্থী তারিনের জীবন
চট্টগ্রামের সাতকানিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর ফাতেমা তুজ জোহরা চৌধুরী তারিন (২৬) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তারিন সাতকানিয়া সদর ইউনিয়নের করাইয়ানগর এলাকার বাসিন্দা ও বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজম খান চৌধুরীর কন্যা।
তারিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলেন। সব পরীক্ষায় তার ফলাফল ছিল প্রথম শ্রেণি।
নিহত তারিনের চাচা ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরীর বলেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর প্রথমে তারিনকে সাতকানিয়ার আশশেফা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। সাতকানিয়ার কেরানীহাট এলাকার ঢেমশা রোডে তারা বাসা ভাড়া থাকত। মূলত সেখান থেকেই সে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।