২৭৯ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন, তবু ভৈরব নদে প্রাণ ফেরেনি
যশোর শহরের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদে প্রাণ ফেরাতে প্রায় ২৭৯ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন করা হয়েছিল। কিন্তু প্রকল্পের কাজ শেষ হওয়ার পরও শহর অংশে ফেরেনি নাব্য, বরং বর্জ্য দূষণ ও কচুরিপানায় নদ এখন অনেকটা বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। দুর্গন্ধ ছড়ানো এই নদ পরিষ্কারে এবার স্বেচ্ছায় নেমেছেন শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নদের এই করুণ অবস্থা থেকে পরিত্রাণে ‘কচুরিপানা সাফ’ করার উদ্যোগ নেন এই শহরের বাসিন্দা ডা. সাদিয়া মনোয়ারা ঊষা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি আহ্বানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কচুরিপানা সাফ করতে নেমে পড়েছে। প্রায় ২৭৯ কোটি টাকা ব্যয়ে এই ভৈরব পুনঃখনন করা হলেও নদের এদিকে নাব্য নেই। শহরের এই অঞ্চলে অর্ধশতাধিক প্রাইভেট হাসপাতাল আর ক্লিনিকসহ বাসাবাড়ি ও নানা প্রতিষ্ঠানের বর্জ্য সরাসরি নদে ফেলায় পানি হয়েছে চরম দূষিত। ডা. ঊষার আহ্বানের পর এখন সেখানে হাল ধরেছেন আরেক ডাক্তার শুক্লা রহমান। তারা স্বেচ্ছায় এই নদের কচুরিপানা অপসারণে পরিশ্রম করে চলেছেন। পর্যায়ক্রমে এখন স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলও এই কচুরিপানা সাফে এগিয়ে এসেছে।
এদিকে, সংশ্লিষ্টরা এই কর্মকাণ্ডকে প্রশংসা করলেও নদের জলে যে ক্ষতিকর দ্রব্যাদি মিশ্রিত কিংবা অমিশ্রিত অবস্থায় রয়েছে, তা মানবশরীরে বিশেষ করে যারা এই পানিতে নেমে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন, তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি নিয়ে সতর্ক করেছেন।
উৎপত্তি ও খনন
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরটি গ্রামে পদ্মার শাখা জলঙ্গিতে ভৈরবের জন্ম। এরপর ভৈরব মেহেরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। চুয়াডাঙ্গার দর্শনা, ঝিনাইদহের কোটচাঁদপুর, যশোরের তাহেরপুর, আফরা ও অভয়নগর এবং খুলনার ফুলতলা, দিঘলিয়া ও দৌলতপুর হয়ে নগরের কাস্টমঘাট এলাকায় ভৈরব মিশেছে রূপসা নদীতে। চৌগাছার তাহেরপুর কপোতাক্ষের উৎসমুখ থেকে খুলনার রূপসা-ভৈরবের মিলনস্থল পর্যন্ত ভৈরবের মোট দৈর্ঘ্য ১৩৩ কিলোমিটার। এর মধ্যে রূপসা-ভৈরবের সংগমস্থল থেকে যশোরের বসুন্দিয়া পর্যন্ত ভৈরবের ৪১ কিলোমিটার প্রবহমান। আর বসুন্দিয়া থেকে সদর উপজেলার রূপদিয়া পর্যন্ত ২১ কিলোমিটার ক্ষীণধারা প্রবহমান। সেখান থেকে চৌগাছা উপজেলার তাহেরপুরের কপোতাক্ষের উৎসমুখ পর্যন্ত ৭১ কিলোমিটারে পানির প্রবাহ নেই।
পাউবো সূত্র জানা যায়, ২৭২ কোটি ৮১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে ‘ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের’ কাজ শুরু হয় ২০১৬ সালের ১ জুলাই। পরে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের ৩০ জুন করা হয়। প্রকল্পের ব্যয় বেড়ে হয় ২৭৯ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা। প্রকল্পের আওতায় যশোরের চৌগাছা উপজেলার তাহেরপুর থেকে সদর উপজেলার বসুন্দিয়া পর্যন্ত ৯২ কিলোমিটার নদ পুনঃখনন করা হয়েছে। এছাড়া বসুন্দিয়া থেকে আফরা ঘাট পর্যন্ত চার কিলোমিটার নদ ড্রেজিং করা হয়। প্রকল্পের আওতায় শহরের দড়াটানায় ভৈরব নদের তীরে সাত কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার এলাকা সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। কিন্তু নদের ওপর নির্মিত ৫২টি অপরিকল্পিত সেতু রয়েছে। এসব সেতুর কারণে ভৈরব নদের নৌযোগাযোগ স্থাপন এবং জোয়ার-ভাটার প্রবাহ নির্বিঘ্ন করা সম্ভব হয়নি।
পানিতে বিষ
পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নদীর পানির দুটি প্রধান মানদণ্ড ডিজলভ অক্সিজেন (ডিও) এবং জৈব রাসায়নিক অক্সিজেন (বিওডি) স্বাভাবিকের চেয়ে উদ্বেগজনকভাবে দূরে সরে গেছে। ফলে, ভৈরবের পানি এখন বেশিরভাগ জলজ প্রাণী ও মানবদেহের জন্য মারাত্মক বিষাক্ত হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পরিবেশ অধিদপ্তর যশোর জেলার সূত্র অনুযায়ী, শহরের দড়াটানা ও বারান্দীপাড়া ব্রিজ এলাকার পানিতে অক্সিজেনের তীব্র সংকট রয়েছে, যার ফলে প্রাণীর অস্তিত্ব থাকা অসম্ভব হয়ে উঠছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক আতাউর রহমান বলেন, জলজ প্রাণীর শ্বাস-প্রশ্বাসের জন্য ডিজলভ অক্সিজেন বা ডিওর মান সাধারণত ৫ শতাংশের বেশি থাকা আবশ্যক। কিন্তু পরিদর্শনে দেখা গেছে, দড়াটানা পয়েন্টে ডিওর মান পাওয়া গেছে মাত্র ৩ দশমিক ৮১ শতাংশ। ডিওর এই নিম্ন মাত্রা প্রমাণ করে নদের এই অংশের প্রাণবায়ু দ্রুত ফুরিয়ে আসছে, যা মাছ ও অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্বের জন্য সরাসরি হুমকি।
অন্যদিকে দূষণের মাত্রা নির্দেশকারী অন্যতম প্রধান সূচক জৈব রাসায়নিক অক্সিজেন (বিওডি) স্বাভাবিকের তুলনায় বহুলাংশে বেড়ে গেছে। বিওডি মূলত পানিতে থাকা জৈব পদার্থ পচনের জন্য অণুজীবদের প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদাকে বোঝায়। এর উচ্চ মান নির্দেশ করে পানিতে পয়োনিষ্কাশন বা অন্যান্য জৈব বর্জ্যের মারাত্মক উপস্থিতি। যেখানে এই মান ৬-এর নিচে থাকা স্বাভাবিক, সেখানে দড়াটানা পয়েন্টে এর মান পাওয়া গেছে ৯।
যশোর পৌর এলাকার কুইন্স হসপিটাল, অসীম ডায়াগনস্টিক সেন্টার, কিংস হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা নার্সিং হোম, অর্থোপেডিক হাসপাতাল, ইউনিক হাসপাতাল, দড়াটানা হসপিটাল, একতা হসপিটাল, মডার্ন হসপিটাল, রেনেসাঁ হসপিটাল, প্রিন্স ডায়াগনস্টিক সেন্টার, আলট্রাভিশন ডায়াগনস্টিক সেন্টার, স্ক্যান হসপিটাল এবং দেশ ক্লিনিক। তাছাড়া, রয়েছে ভৈরব হোটেলসহ কয়েকটি হোটেল-রেস্তোরাঁ, মাংসের দোকান এবং বহু আবাসিক বসতবাড়ি।
সংশ্লিষ্টরা যা বলেন
ডা. সাদিয়া মনোয়ারা ঊষা বলেন, সুস্থ থাকতে শুধু ওষুধ ও জীবনযাত্রার পরিবর্তন যথেষ্ট নয়, প্রয়োজন সুন্দর পরিবেশও। কিন্তু শহরের প্রাণ ভৈরব নদ এখন বড় ড্রেনে পরিণত হয়েছে। তিনি নদের পানির ওপরে আকাশের ছায়া দেখতে চান।
ডা. শুক্লা রহমান বলেন, ‘আমরা শুরু করেছি। সরকারকে বলতে চাই, এই শহরের মানুষের বুক ভরে শ্বাস নেওয়ার জায়গার খুবই অভাব। নদটাকে সচল করতে পারলে, এর তীরে এসে শ্রান্ত মানুষ একটু প্রশান্তি পেতে পারে।’
চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম মোর্তুজা বলেন, ভৈরবের পানি বিষাক্ত দ্রব্যে ভরা। হাসপাতালের বিভিন্ন বর্জ্য যেমন ব্যবহৃত ব্লেড, সিরিঞ্জ ইত্যাদি ধারালো উপকরণে কোথাও কেটে গেলে সংক্রমণের মারাত্মক ঝুঁকি রয়ে গেছে। তা ছাড়া, বিভিন্ন অপদ্রব্য মিশ্রিত হওয়ায় ত্বকের নানা রকম রোগ দেখা দিতে পারে। আর এই পানি কোনোভাবে গিলে ফেললে আরও ক্ষতি। সে ক্ষেত্রে যারা এই পানিতে কাজ করছেন, তাদের অবশ্যই নিজেদের নিরাপত্তা নিয়েই করতে হবে।
কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা অনিল বিশ্বাস বলেন, এই তরুণ-যুবরা যে পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসনীয়। কিন্তু তাদের একার পক্ষে এটি সম্ভব নয়। ভৈরব বাঁচাতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। এই নদ নৌকা ভ্রমণের উপযোগী করতে নাগরিক আন্দোলনের বিকল্প নেই। সেই আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপ প্রয়োগ করলেই কেবল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজনীন নাহার বলেন, কচুরিপানা সাফ করতে হবে, এটি রেখে দেওয়া যাবে না। কিন্তু সাথে সাথে মনে রাখা দরকার এই দূষিত পানি মানবদেহের জন্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ। বর্ষাকালে এই প্রক্রিয়া শুরু করলে কিছু অংশ স্রোতে ভেসে যেত। যারা এখন কচুরিপানা সাফ করছেন, তাদের অবশ্যই স্বাস্থ্যঝুঁকির বিষয়টি মাথায় রেখে কাজ করা উচিৎ।
পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, ‘ভৈরবের কচুরিপানা পরিষ্কারের এই কর্মকাণ্ড দেখেছি। এটি প্রশংসার দাবি রাখে। কিন্তু তাদের এই পানির বিষয়টি মাথায় রেখে কাজ করা দরকার। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ আমরা এই কচুরিপানা উচ্ছেদে কাজ শুরু করবো। সেই সময় হাঁটুপানি থাকে, সেক্ষেত্রে ক্ষতির আশঙ্কাও কম থাকে।’
এদিকে তরুণ দুই নারী ডাক্তারের প্রচেষ্টার সঙ্গে একাত্ম হয়েছে যশোর জেলা বিএনপি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় জেলা বিএনপি তাদের কাজের সুবিধার্থে এক লাখ টাকা বরাদ্দ করে সম্প্রতি একটি চেক দিয়েছিল উদ্যোক্তাদের। কচুরিপানা পরিষ্কারের কাজে নিয়োজিতদের মূল সংগঠকরা অনিন্দ্য ইসলাম অমিত এমপি ও বিএনপির এই বদান্যতায় ধন্যবাদ জানিয়েছেন। তবে তারা চেক ফিরিয়ে দিয়ে এই কাজে স্বেচ্ছাসেবকদের যুক্ত করার আহ্বান জানিয়েছেন দলটির কাছে। সেই অনুযায়ী বিএনপির কিছু তরুণ কর্মী নদে নেমে কচুরিপানা পরিষ্কারের কাজে যোগ দিয়েছেন।