উৎপাদন খরচ উঠছে না কৃষকের, খুচরা বাজারে দাম চড়া
যশোরে মাঠপর্যায়ে উৎপাদিত ফুলকপি কেজিপ্রতি ১২ থেকে ১৬ টাকা দরে বিক্রি করছেন কৃষকেরা। অথচ শহরের খুচরা বাজারে সেই ফুলকপির দাম ৩০ থেকে ৫০ টাকা, কোনো কোনো ক্ষেত্রে ৬০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। উৎপাদন খরচের তুলনায় কম দাম পাওয়ায় কৃষকেরা লোকসানের আশঙ্কায় রয়েছেন। অন্যদিকে বেশি দামে সবজি কিনতে গিয়ে বাড়তি খরচের চাপে পড়ছেন ক্রেতারা। উৎপাদক ও ভোক্তার মাঝখানে দামের এই বড় ব্যবধানের সুফল যাচ্ছে কার পকেটে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
যশোর সদর উপজেলার চুড়ামনকাটিসহ বিভিন্ন এলাকার মাঠে এখন ফুলকপি তুলতে ব্যস্ত কৃষকরা। মৌসুমের শুরুতে উচ্চমূল্য পেয়ে তাদের মুখে হাসি থাকার কথা। কিন্তু মাঠে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। এক বিঘা জমিতে ফুলকপি চাষ করতে ৪০ থেকে ৪৫ হাজার টাকা খরচ হলেও প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার টাকার কপি বিক্রি করে উৎপাদন ব্যয় উঠাতে হিমশিম খাচ্ছেন কৃষক মোহাম্মদ আসাদুল। তার দাবি, সার ও কীটনাশকের অতিরিক্ত দাম এবং পোকামাকড়ের আক্রমণে উৎপাদন খরচ আরও বেড়েছে। সব মিলিয়ে লাভ তো হচ্ছেই না, উল্টো লোকসানে পড়তে হচ্ছে।
কৃষক নূর ইসলামের ভাষ্য, পাইকারি বাজারে প্রতি কেজি ফুলকপি ১০ থেকে ১৬ টাকায় বিক্রি করতে হচ্ছে। এর সঙ্গে ভ্যানভাড়া ও শ্রমিকের খরচ যোগ হওয়ায় হাতে তেমন কিছুই থাকছে না। প্রতি কেজি ফুলকপির দাম অন্তত ৩০ টাকা হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
অপর কৃষক মোমিনুর রহমান জানান, একটি ফুলকপি উৎপাদনে বীজ থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত প্রায় ১২ থেকে ১৩ টাকা খরচ হয়। অথচ বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকায়। এতে সামান্য কিছু টাকা থাকলেও নিজের শ্রমের মূল্য হিসাব করলে প্রকৃতপক্ষে লাভ থাকে না।শুধু ফুলকপি নয়, একই পরিস্থিতি মুলা চাষেও।
কৃষক হুজুর আলী তরফদার জানান, তার এক বিঘা জমিতে মুলা চাষে খরচ হয়েছে প্রায় ৩২ হাজার টাকা। অথচ, বাজারে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। পরিবহন ও শ্রমিক খরচ বাবদ আরও প্রায় তিন হাজার টাকা ব্যয় হচ্ছে। জমি লিজ নিয়ে চাষ করায় লোকসানের চাপ আরও বেশি বলে জানান তিনি।
কৃষকদের অভিযোগ, সরকারনির্ধারিত দামে সার পাওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তাদের বেশি দামে কিনতে হয়েছে। বিশেষ করে টিএসপি সার সংকট ও তা বেশি দামে কিনতে হয়েছে বলে অভিযোগ তাদের। পাশাপাশি কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকি নিয়েও অসন্তোষ রয়েছে চাষিদের মধ্যে।
কৃষক নুরুদ্দিন অভিযোগ করেন, সার ও কীটনাশকের উচ্চমূল্য, বীজের দাম এবং বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কৃষকদের লোকসানের প্রধান কারণ। এদিকে, মাঠে কম দামে ফুলকপি বিক্রি হলেও শহরের বাজারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। যশোর শহরের বড়বাজারসহ বিভিন্ন বাজারে প্রতি কেজি ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
বড়বাজারের খুচরা বিক্রেতা মনির বিশ্বাস বলেন, ‘আজ বাজারে ফুলকপির দাম ৪০ থেকে ৫০ টাকা। বাজারে সরবরাহ কম থাকায় আগের দিনের তুলনায় দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।’
শহরের ঘোপ এলাকার ক্রেতা ডা. মুনজুরুল আহসান মুন বলেন, ‘গতকাল ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও মঙ্গলবার বাজারে এসে দেখি ৬০ টাকা দাম চাওয়া হচ্ছে।’ একদিনের ব্যবধানে এতো দাম বাড়ার কারণ জানতে চান তিনি। তার ভাষ্য, দিন শেষে ক্রেতারাই ঠকছেন।
শহরের বেজপাড়া এলাকার ক্রেতা আকবর আলী বলেন, ‘রাতারাতি কীভাবে কেজিতে দশ থেকে ২০ টাকা দাম বেড়ে যায়, তা বুঝতে পারছি না।’ এই ক্রেতা ইজিবাইক চালিয়ে সংসার চালান। আয়ের সাথে ব্যয় অসঙ্গতিপূর্ণ হওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।
রাজারহাট বাজারের মেসার্স বিসমিল্লাহ ভাণ্ডারের স্বত্বাধিকারী আরাফাত জানান, মঙ্গলবার বাজারে ফুলকপির লেনদেন সন্তোষজনক দামে হয়েছে। আকার ও মানভেদে প্রতি পিস ফুলকপি ১৫ থেকে ২০ টাকা এবং সর্বোচ্চ ২৫ টাকা দরে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে।
যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. রাজিয়া সুলতানা বলেন, চলতি মৌসুমে এ পর্যন্ত যশোর সদর উপজেলায় ১৪৯ হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। মৌসুম শেষে তা ১৬০ থেকে ১৬৫ হেক্টরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। গত বছরও ফুলকপির আবাদ হয়েছিল। তার মতে, আগাম শীতকালীন সবজি চাষিরা ভালো দাম পেয়েছেন। বর্তমানে সারাদেশে একযোগে ফুলকপি বাজারে আসায় সরবরাহ বেড়েছে এবং সে কারণে দাম কিছুটা কমেছে। তবে উৎপাদন খরচের তুলনায় কৃষকরা লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা বলেন, কৃষি বিপণন আইন ও বিধি অনুযায়ী পচনশীল পণ্যের ক্ষেত্রে উৎপাদক থেকে খুচরা পর্যায়ে মূল্যে পার্থক্য সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত সহনশীল। কৃষক পর্যায়ে ১২ থেকে ১৫ টাকা দরে ফুলকপি বিক্রির তথ্য তাদের কাছে নেই। তাদের তথ্য অনুযায়ী, ভালো মানের ফুলকপি কৃষক পর্যায়ে ২০ থেকে ২৫ টাকা বা তার বেশি দরে বিক্রি হচ্ছে।
তিনি বলেন, কৃষক পর্যায়ে দামের তুলনায় খুচরা বাজারে অস্বাভাবিক ব্যবধান পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও বাজার মনিটরিং টিমের সমন্বয়ে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।