১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪

টুঙ্গিপাড়ায় থমথমে পরিস্থিতি, ১০টি গাড়িতে আগুন, বন্ধ যান চলাচল

হামলাকারীরা ব্যাপক ভাঙচুর চালায়, পুলিশের ছয়টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন।  © টিডিসি ছবি

আসামি গ্রেপ্তারের জেরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলাকারীরা থানা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার পাশাপাশি থানা ভবন, পুলিশের গাড়ি ও বিজিবির যানবাহনে আগুন লাগিয়ে দেন।

এ ঘটনায় মোট ১০টি গাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক কালবেলার টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসান, একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি,দ্য ডেইলি ক্যাম্পাসের গোপালগঞ্জ প্রতিনিধি রাকিব চৌধুরীও হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। ঘটনার পর গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের ছাড়িয়ে নিতে নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা টুঙ্গিপাড়া থানায় হামলা চালান।

হামলাকারীরা থানায় ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের ছয়টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন। এ সময় থানা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে নিলফা বাজার এলাকায় তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় বিজিবির একটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ও একটি জিপসহ চারটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

এরপর রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ব্যক্তিরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি এবং তাঁর আত্মীয়স্বজনের আরও আটটি বাড়িতে অগ্নিসংযোগ করেন বলে জানা গেছে।

এদিকে, রাত পৌনে ৯টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় হামলার শিকার হন একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি। দুর্বৃত্তদের মারধরে তিনি গুরুতর আহত হন।

বুধবার সকালেও টুঙ্গিপাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত থানা ভবনের আসবাবপত্রে আগুন জ্বলতে দেখা গেছে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কোনো ইউনিটকে আগুন নেভাতে দেখা যায়নি। থানায় কয়েকজন পুলিশ সদস্য ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান টহলও চোখে পড়েনি। মোতায়েন করা এপিবিএন সদস্যদেরও এলাকা থেকে সরে যেতে দেখা গেছে।

গত রাতের ঘটনার পর বুধবার সকাল পর্যন্ত নতুন করে সংঘর্ষ বা সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।