অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতর থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কয়েকজন স্থানীয় বাসিন্দাকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে পড়েন ওই বিএসএফ সদস্য। পরে বিজিবির টহল দল তাকে অস্ত্রসহ আটক করে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন বিছনাকান্দি বর্ডার আউটপোস্টের (বিওপি) একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে ওই বিএসএফ সদস্যকে দেখতে পেয়ে আটক করা হয়। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। তিনি জানান, আটক বিএসএফ সদস্য বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সন্ধ্যা ৭টার দিকে বিছনাকান্দি ক্যাম্প কমান্ডার মো. মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এখন পর্যন্ত পতাকা বৈঠক হয়নি। বিএসএফের ওই সদস্য তাদের হেফাজতে আছেন।' এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এদিকে, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ধনেশ্বর বর্মণ (৫৫) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে স্থানীয় একটি বাজারে ওই ব্যক্তিকে দেখতে পান বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ, বিজিবি, স্থানীয় বাসিন্দা ও সীমান্ত সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বিএসএফের একটি টহল দল কাঁটাতারের বেড়ার গেট দিয়ে ধনেশ্বরকে মারধর করে বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠায়। পরে তিনি পাটগ্রাম সদর ইউনিয়নের কদুর বাজার এলাকায় অবস্থান নেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাকে থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন।
ধনেশ্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, বিজিবি বলেছে, যেহেতু শূন্য রেখার বিষয় নয়, এ বিষয়ে যেন পুলিশ আইনি ব্যবস্থা নেয়। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তিনি সত্যি ভারতীয় প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে মামলা হবে।'