মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলেন বাবা, দুজনকেই উদ্ধার করল ফায়ার সার্ভিস
চট্টগ্রামের আনোয়ারায় ছয় বছরের মেয়েকে নিয়ে ঘরের দরজা ভেতর থেকে আটকে দেন এক ব্যক্তি। একপর্যায়ে হাতে থাকা ছুরি মেয়ের গলায় ধরে রাখেন তিনি। পরিবারের সদস্যরা নানা চেষ্টা করেও বাবা-মেয়েকে বের করতে পারেননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পাশের একটি বসতঘরের টিন খুলে ওই কক্ষে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় বাবা ও মেয়েকে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে উপজেলার আনোয়ারা সরকারি কলেজের পেছনে লক্ষ্মীনারায়ণ মন্দির-সংলগ্ন ওসমান কলোনিতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আনোয়ারা ফায়ার স্টেশন।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. নাছির উদ্দিন (২৮)। তার মেয়ের নাম সাকিবা আক্তার (৬)। নাছির বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মৃত খুইল্যা মিয়ার ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। তার চার বছর বয়সী শাকিল নামের আরেকটি ছেলেসন্তান রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, স্ত্রী, দুই সন্তান ও মাকে নিয়ে প্রায় ১০ বছর ধরে আনোয়ারা সরকারি কলেজের পাশের ওই কলোনিতে ভাড়া বাসায় থাকেন নাছির। একসময় সিএনজিচালিত অটোরিকশা চালালেও বর্তমানে তার পোশাকশ্রমিক স্ত্রীর আয়ে চলে সংসার। ২০২৩ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছেন তিনি। চার মাস ধরে ওষুধ সেবন কমিয়ে দেওয়ায় তার আচরণে আবারও অস্বাভাবিকতা দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল নয়টার দিকে ঘরের দরজা ভেতর থেকে আটকে দেন নাছির। এ সময় তার সঙ্গে ছিল মেয়ে সাকিবা। দিনভর পরিবারের সদস্যরা তাদের বের করার চেষ্টা করেন। তবে দুপুরের দিকে লোকজন জড়ো হতে শুরু করলে হাতে ছুরি নিয়ে তাদের ভয় দেখাতে থাকেন নাছির। একপর্যায়ে নিজের সঙ্গে ঘরে আটকে থাকা মেয়ের গলায় ছুরি ধরে রাখেন তিনি। এতে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে আনোয়ারা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের মূল দরজা দিয়ে প্রবেশের সুযোগ না থাকায় পাশের একটি বসতঘরের টিন খুলে নাছিরের কক্ষে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাতটার দিকে বাবা ও মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশ নাছিরকে থানায় নিয়ে যায়। পরিবারের সদস্যদের অনুরোধে চিকিৎসার জন্য তাঁকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
নাছিরের ভাই মো. শাহজাহান মুঠোফোনে বলেন, ‘২০২৩ সাল থেকে সে মানসিক সমস্যায় ভুগছে। আমি দুপুরে খবর পেয়ে বাসায় এসে দেখি, আমার ভাতিজিসহ সে ঘরের মধ্যে আটকে আছে। তাদের বের করার জন্য অনেক চেষ্টা করি। কিন্তু সে হাতে ছুরি নিয়ে আমাদের ভয় দেখাতে শুরু করে। পরে আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিস এসে পাশের ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে সন্ধ্যায় তাদের উদ্ধার করে। পরে আমরা আমার ভাইকে হাসপাতালে নিয়ে যাই।’
আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আব্দুল্লাহ হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। ঘরের পাশের একটি বসতঘরের টিন খুলে তাঁরা ভেতরে প্রবেশ করেন। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কক্ষে আটকে পড়া বাবা ও মেয়েকে উদ্ধার করা হয়।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, নাছিরের হাতে একটি ছুরি। তার সঙ্গে থাকা মেয়েকে তিনি বের হতে দিচ্ছিলেন না এবং কাউকেও ঘরে প্রবেশ করতে দিচ্ছিলেন না। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় তাদের উদ্ধার করে নাছিরকে থানায় নিয়ে আসা হয়। পরিবারের সদস্যদের অনুরোধে তাকে চিকিৎসার জন্য তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’