১৭ নভেম্বর ২০২৬, ১৩:০৪

পালক বাবার কাছে থাকা কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, শরীরে আঘাত—ময়নাতদন্ত ছাড়াই দাফনে বাড়ছে রহস্য

কলেজছাত্রী জান্নাতুল মাওয়া   © সংগৃহীত

‘জানোয়ার কোনো দিন মানুষ হইতে পারে না’—মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুকে এমন একটি নোট লিখেছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া জান্নাত (১৮)। এরপর সোমবার (১৬ নভেম্বর) ভোরে বাড়ি থেকে উদ্ধার হয় তার মরদেহ। পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে মৃত্যুর আগের ফেসবুক পোস্ট, শরীরে আঘাতের চিহ্ন থাকার অভিযোগ এবং ময়নাতদন্ত ছাড়াই দ্রুত দাফন নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সহপাঠীদের দাবি, যে পরিবারের সঙ্গে তিনি থাকতেন, তারা তার পালক বাবা-মা। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের দাবি জানিয়েছেন তারা।

জান্নাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার সহপাঠীদের মধ্যে উদ্বেগ ও সন্দেহ তৈরি হয়। তাদের প্রশ্ন, মৃত্যুর আগে ফেসবুকে এমন নোট কেন লিখেছিলেন জান্নাত? কী কারণে তার মৃত্যু হলো? আর কেনই-বা ময়নাতদন্ত ছাড়াই এত দ্রুত মরদেহ দাফন করা হলো?

এসব প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীরা। আবেদনে তারা জান্নাতের মৃত্যুর ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের অনুরোধ করেছেন।

সহপাঠীদের অভিযোগ, জান্নাতের মরদেহ হাসপাতালে নেওয়ার পর তারা দেখতে গেলে পরিবারের সদস্যরা রহস্যজনক আচরণ করেন। এমনকি তাদের মরদেহ দেখতে না দিয়ে দ্রুত দাফনের ব্যবস্থা করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। পরে গ্রামের বাড়ি আলমডাঙ্গায় জান্নাতকে দাফন করা হয়। এ ঘটনায় তাদের সন্দেহ আরও বেড়েছে।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে জান্নাতের ফেসবুকে দেওয়া নোটটিও ভাবিয়ে তুলেছে সহপাঠীদের। ‘জানোয়ার কোনো দিন মানুষ হইতে পারে না’—এমন বক্তব্যে তিনি কাকে বা কী উদ্দেশ্যে ইঙ্গিত করেছিলেন, তা নিশ্চিত হতে পারেননি তারা। সহপাঠীদের কয়েকজনের ধারণা, এর পেছনে পারিবারিক কিংবা প্রেমঘটিত কোনো বিষয় থাকতে পারে। 

শিক্ষার্থীদের আবেদনে জান্নাতকে মেধাবী ও সচেতন শিক্ষার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের ভাষ্য, জান্নাত তাদের সহপাঠী ও শুভাকাঙ্ক্ষী ছিলেন। তাকে তারা কখনো আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেওয়ার মানুষ হিসেবে ভাবেননি। এ ছাড়া তার পারিবারিক জীবন নিয়েও বেশ কিছু অভিযোগ তুলেছেন তারা।

সহপাঠীদের দাবি, জান্নাতের মা তাকে প্রায়ই নির্যাতন করতেন। এমনকি পড়াশোনার খরচও দিতেন না। নিজের পড়াশোনা ও ব্যক্তিগত খরচ চালাতে শহরের একটি সুপারশপে চাকরি নিয়েছিলেন জান্নাত। সেখানে মাসে ছয় হাজার টাকা বেতনে কাজ করতেন তিনি। পাশাপাশি শহরের একটি মেসে থাকতেন। মৃত্যুর দিন বাড়িতে যাওয়ার পরই এ ঘটনা ঘটে।

জান্নাতের শরীরে আঘাতের চিহ্ন থাকার অভিযোগও তুলেছেন সহপাঠীরা। তাদের দাবি, তার মাথা ও কপালে আঘাতের চিহ্ন ছিল। তবে হাসপাতালে গিয়ে তারা মরদেহ দেখতে না পারায় বিষয়টি নিজেরা নিশ্চিত হতে পারেননি। ঘটনার পর থেকে তার বাবার মুঠোফোনও বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

জান্নাতের পারিবারিক পরিচয় নিয়েও জটিলতার কথা জানিয়েছেন সহপাঠীরা। তাদের ভাষ্য, চুয়াডাঙ্গায় যে পরিবারের সঙ্গে জান্নাত থাকতেন, তারা তার পালক বাবা-মা। ফলে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তার জৈবিক বাবা-মায়ের সন্ধানও পাওয়া যায়নি বলে দাবি তাদের। এ কারণে জান্নাতের পারিবারিক পরিস্থিতি ও মৃত্যুর আগের ঘটনাগুলো সম্পর্কে আরও তথ্য জানতে চান তারা।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) ভোরে চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় ভাড়া বাসায় জান্নাতুল মাওয়ার গলায় ফাঁস দেওয়া অবস্থায় থাকার খবর ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করেছেন। পরে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করে। পরে গ্রামের বাড়ি আলমডাঙ্গায় জান্নাতকে দাফন করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জান্নাতুল মাওয়া জান্নাত চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার শরিফুল ইসলামের মেয়ে।

এদিকে জান্নাতের মৃত্যু নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে কথা বলেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি জানান, সোমবার সন্ধ্যায় ঘটনাটি জানতে পেরেছেন। শিক্ষার্থীরা তার কাছে অভিযোগ নিয়ে এলে তিনি তাদের লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেন।

জেলা প্রশাসক বলেন, ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতির বিষয় রয়েছে। তবে এ ঘটনায় তার কার্যালয় থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি বলেন, তাদের অভিযোগের ভিত্তিতে সরাসরি মরদেহ উত্তোলন করা সম্ভব নয়। আদালতের নির্দেশনা এলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মরদেহ উত্তোলনের ব্যবস্থা করা যাবে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, শিক্ষার্থীদের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নিজস্ব প্রক্রিয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

অন্যদিকে মেয়ের মৃত্যুর ঘটনায় শোকাহত বাবা শরিফুল ইসলাম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার মেয়ে আমার সাথে ভাত খাইলো, গল্প করলো, পরিক্ষা ও দিলো, হটাৎ কেন এমন করলো আমরা কিছুই বুঝতে পারছি না।’