পটুয়াখালী জেলা যুবদলের কমিটি ঘোষণা: সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক রিয়াইনুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পটুয়াখালী জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সাত সদস্যের কমিটিতে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমীকে সভাপতি ও মোহাম্মদ রিয়াইনুল ইসলাম রিমুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে আল আমিন সুজন সিনিয়র সহসভাপতি, নুরুল ইসলাম লিটন গাজীকে সহসভাপতি, তানভীর আহমেদ বাঁশী ও নুরুল আমিনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন: রাকসুর দাবিতে প্রশাসনিক ভবনে অবস্থান আম্মারসহ রাবি শিক্ষার্থীদের
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে পটুয়াখালী জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।