১৭ নভেম্বর ২০২৬, ১২:১৯

ক্যান্সার নিয়েই দুবছর বিসিএস ক্যাডারের দায়িত্ব সামলেছেন, অবশেষে হার মানলেন ঢাবির মাহবুবা

ক্যান্সারের আক্রান্ত হয়ে মারা গেলেন বিসিএস ক্যাডার মাহমুবা   © টিডিসি ছবি

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও থেমে থাকেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী ও ২৩তম বিসিএস ক্যাডার মাহবুবা। অসুস্থ শরীর নিয়েই টানা দুই বছর অফিসের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছেন এই সরকারি কর্মকর্তা। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। মঙ্গলবার সকালে দেওয়া ওই পোস্টে তিনি নিজের ছোট ননদের মৃত্যুর খবর জানান।

ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু বলেন, ‘আমার অতি আদরের ছোট ননদ আমাদের পরিবারের সবার ছোট মেয়েটি আজ ভোর সাড়ে ৫ টার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।’

মাহমুদা মিতু জানান, মাহবুবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করে ২৩তম বিসিএসের মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে যোগ দিয়েছিলেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও অসুস্থ শরীর নিয়ে গত দুই বছর অনেক কষ্ট করে অফিসের দায়িত্ব পালন করেছেন তিনি।

এ বিষয়ে পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে মাস্টার্স শেষ করে ২৩তম বিসিএসের মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে যোগ দিয়েছিলেন। অসুস্থতার মধ্যেও গত দুই বছর অনেক কষ্ট করে অফিস করেছেন কাজ করেছেন।’

পোস্টে মাহমুদা মিতু আরও জানান, ২০২৪ সালের ৪ আগস্ট মাহবুবার ক্যান্সার শনাক্ত হয়। এরপর দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পাশাপাশি শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। গত ২৯ তারিখ তার দ্বিতীয় অস্ত্রোপচারও সম্পন্ন হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

চিকিৎসার কঠিন সময়ে যারা রক্ত দিয়ে, পাশে থেকে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন মাহমুদা মিতু।

তিনি লেখেন, ‘এই কয়েদিন যারা রক্ত দিয়েছেন, পাশে থেকেছেন এবং সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা।’

পরিবারের এই কঠিন সময়ে সবার কাছে মাহবুবার জন্য দোয়া চেয়েছেন তিনি। পোস্টের শেষাংশে মাহমুদা মিতু লেখেন, ‘আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন সময়। সবার কাছে তার জন্য দোয়ার আর্জি রইল। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’