কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভের ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আল রাফি (২৮) কুটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মনকাসাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী রাশেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা।
এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজনকে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। এ সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতেও স্লোগান দেন তারা।
স্থানীয় সূত্রের দাবি, ওই বিক্ষোভে নেতৃত্ব দেন আল রাফি। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও বিক্ষোভের ভিডিও প্রচার করেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।