১৬ নভেম্বর ২০২৬, ১৬:২৯

সাতক্ষীরায় পৌরসভার পানির সংযোগ ৩১ শতাংশ পরিবারে, তবু মেলে না সুপেয় পানি

‘শহরের নিম্নআয়ের মানুষের সুপেয় পানির সংকট ও সমাধানে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ  © সংগৃহীত

সাতক্ষীরা পৌরসভার সরবরাহ করা পানির সংযোগ রয়েছে শহরের মাত্র ৩১ শতাংশ পরিবারের। তবে সংযোগ থাকলেও অনেক পরিবার নিয়মিত পানি পায় না, আবার পাওয়া পানির মানও ব্যবহার উপযোগী নয়। পানিতে দুর্গন্ধ, ময়লা ও কেঁচো থাকায় বাধ্য হয়ে অনেক বাসিন্দাকে জারের পানি কিনতে হচ্ছে। এ পরিস্থিতিতে শহরের সুপেয় পানির সংকট নিরসনে আট দফা সুপারিশ তুলে ধরেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সুপারিশগুলো হলো পানি সরবরাহ ও পরিশোধনের ব্যবস্থা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা; শহরের প্রতিটি বাড়িতে ছাদের বৃষ্টির পানি সংরক্ষণ ও কুয়া তৈরির উদ্যোগ নেওয়া; ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বৃষ্টির পানি সংরক্ষণে জলাধার খনন, পরিশোধন এবং সরবরাহে দীর্ঘমেয়াদি উদ্যোগগ্রহণ, বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকায় পানি সরবরাহের ট্যাপ স্থাপন, পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করে শহরের পুকুর ভরাট বন্ধ করা; বাজারজাত করার আগে জারের ও সরবরাহ করা পানির আর্সেনিক, আয়রন, লবণাক্ততা ও পিএইচের মাত্রা পরীক্ষা করে ফলাফল অনলাইনে প্রকাশ করা; পানি সরবরাহ অবকাঠামোর পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য পৃথক বরাদ্দ রাখা; সাতক্ষীরা পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা এবং নিরাপদ পানি সরবরাহে পৌরসভার পদক্ষেপ ও নতুন সংযোগ প্রদানের সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা।
 
সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ‘শহরের নিম্নআয়ের মানুষের সুপেয় পানির সংকট ও সমাধানে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপে এসব সুপারিশ উঠে আসে।
 
সাতক্ষীরা গ্রিন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ প্রকৌশলী নিময় চন্দ্র মন্ডল। স্বাগত বক্তব্য দেন বারসিকের উপকূলীয় অঞ্চল সমন্বয়কারী মো. শাহীন ইসলাম।
 
সংলাপে বদ্দীপুর কলোনির বাসিন্দা জাহানারা খাততু ও মরিয়ম খাতুন তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা বলেন, প্রতিবছর অতিবৃষ্টির সময় তাদের প্রায় ছয় মাস পানিবন্দী অবস্থায় থাকতে হয়। এ সময় যেমন খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। তেমনি পৌরসভার মধ্যে বসবাস করেও তারা সুপেয় পানির সংযোগ পাননি।

অধ্যাপক পবিত্র মোহন দাস বলেন, খাবার ও রান্নার পানির জন্য প্রতি মাসে প্রায় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকার জারের পানি কিনতে হয়। অথচ পৌরসভা থেকে প্রয়োজনীয় পানির ব্যবস্থা করা গেলে মাসে প্রায় ২০০ টাকার মধ্যে এই চাহিদা পূরণ করা সম্ভব হতো।  

সংলাপে ধারণাপত্র উপস্থাপন করেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার। এতে বলা হয়, গত এক দশকে সাতক্ষীরা শহরের জনসংখ্যা ও আয়তন বাড়লেও পানি সরবরাহের পরিমাণ ও মান সেই অনুপাতে বাড়েনি। বর্তমানে কাগজে-কলমে পৌরসভা সরবরাহকৃত পানির প্রায় ১১ হাজার ৩০০টি সংযোগ আছে। যা পৌরসভার মোট ৩৬ হাজার ২৯৯ খানার মাত্র ৩১ শতাংশ। কিন্তু সংযোগ থাকলেও সবাই পানি পান না। সেই সাথে ভূগর্ভস্থ স্তর নিচে নেমে যাওয়ায় পৌরসভার উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। এছাড়া পৌরসভার পানির মান এতো নিম্ন যে, গ্রাহকরা লাইন কেটে দিচ্ছেন। শহর বড় হওয়ার সাথে সাথে পানির চাহিদা বাড়ার কথা থাকলেও সাতক্ষীরায় উল্টো কমছে। পৌরসভা তার তিনভাগের এক ভাগ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত শহরের পানির সংকটকে আরও তীব্র করে তুলছে।

সংলাপে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পরিবেশ কর্মী সাকিবুর রহমান বাবলা, জলবায়ু কর্মী এস এম বিপ্লব হোসেন, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, ভিডিএফের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মো: হোসেন আলী, গ্রিন কোয়ালিশনের সদস্য রাহাত রাজা, সাংবাদিক হাবিবুর রহমান সোহাগ, মিলন বিশ্বাস রুদ্র, বদ্দীপুর কলোনির সাবিহা সুলতানা, রহমতপুর কলোনির ফাতেমা খাতুন, বোসপাড়ার আকলিমা খাতুন এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের তাপস সরকার, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের রিজাউল করিম, মৃত্যুঞ্জয় রায়, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, জাহাঙ্গীর আলম প্রমুখ।