গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রমিকদের, ১৭ কারখানা বন্ধ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার (১৬ নভেম্বর) সকালে কোনাবাড়ী–কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভের একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সোমবারের জন্য আরও দুটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল আটটার দিকে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হন। পরে তারা বিক্ষোভ শুরু করে একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে সকাল নয়টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় পুলিশ ও বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছেন।
গাজীপুর বিজিবি-৬৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ জানান, শিল্পাঞ্চলের শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, গাজীপুর শিল্পাঞ্চলে অন্যান্য বাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।