আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট ফেরি টার্মিনালে পার্কিং করে রাখা একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ট্রাকটির (পিরোজপুর-ট-১১-০২৯২) কেবিনের ভেতরে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার পরপরই স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। একপর্যায়ে তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে শিবালয় থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ট্রাকের মালিকের সঙ্গে তার কথা হয়েছে। ঘটনার সময় ট্রাকের মালিক ঘটনাস্থলেই ছিলেন। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল লতিফ মল্লিকের ট্রাকটি আরিচা ফেরি টার্মিনালে পার্কিং করে রাখা ছিল। ওই টার্মিনালে তার ট্রাক ছাড়াও আরও অনেক যানবাহন পার্কিং করা ছিল। তবে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় আগুনের বিস্তার ঘটেনি বলে জানা গেছে।