কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যাল, দিন-রাত থাকছে নানা আয়োজন
পর্যটকদের দিন-রাত বিনোদনের সুযোগ তৈরি করতে কক্সবাজারে আয়োজন করা হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভ্যাল। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এ আয়োজনে থাকছে প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন। ফুড জোন, বালুর ভাস্কর্য, গো-কার্টিং, কায়াকিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যাম্পিংসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পর্যটকদের জন্য দিনভর বিনোদনের ব্যবস্থা থাকছে।
কার্নিভ্যালের অন্যতম আকর্ষণ হিসেবে তৈরি করা হবে ১৫ থেকে ২০টি আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস থেকে আসা শিল্পীরা এসব ভাস্কর্য নির্মাণে অংশ নিচ্ছেন। হাতি, ইলিশ, জেলেদের জীবন, সুন্দরবনসহ বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্যের নানা বিষয় ফুটে উঠবে এসব শিল্পকর্মে। ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লার মতো ঐতিহাসিক স্থাপনাও স্থান পাবে বালুর ভাস্কর্যে।
এ ছাড়া দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা তুলে ধরার পরিকল্পনা রয়েছে। শিশুদের জন্য থাকবে আলাদা কিডস জোন, আর পরিবার নিয়ে সময় কাটানোর জন্য থাকবে খাবার, কেনাকাটা ও বিনোদনের বিশেষ ব্যবস্থা।
আয়োজকদের মতে, কক্সবাজারে সাধারণত পর্যটকেরা দু-তিন দিন অবস্থান করেন। দিনের বেলায় সমুদ্রসৈকত ও বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখলেও সন্ধ্যার পর বিনোদনের পর্যাপ্ত সুযোগ না থাকায় অনেকেই সময় কাটানোর বিকল্প খুঁজে পান না। এই সীমাবদ্ধতা কাটিয়ে পর্যটকদের দিন-রাত আনন্দমুখর সময় কাটানোর সুযোগ তৈরি করাই কার্নিভালের মূল লক্ষ্য।
স্পেল বাউন্ড কমিউনিকেশন লিমিটেডের প্রজেক্ট অ্যান্ড বিজনেস ইন্টিগ্রেশনের লিড আহমেদ সুপ্রতিম জানান, কক্সবাজারকে শুধু সমুদ্রনির্ভর পর্যটনকেন্দ্র হিসেবে নয়, বরং দিন-রাতের পূর্ণাঙ্গ বিনোদননগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কার্নিভালের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’। পরিবারের প্রতিটি সদস্য যেন নিজেদের পছন্দ অনুযায়ী বিনোদনের সুযোগ পান, সে বিষয়টি বিবেচনায় রেখে আয়োজন সাজানো হচ্ছে।
কার্নিভ্যালে ক্যাম্পিংয়ের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। প্রাকৃতিক পরিবেশে তাঁবুতে রাত কাটানো, ক্যাম্পফায়ার এবং তারাভরা আকাশ উপভোগের সুযোগ পাবেন দর্শনার্থীরা। পাশাপাশি প্রায় তিন হাজার মানুষের একসঙ্গে বসে খাবার খাওয়ার ব্যবস্থা থাকবে। বিভিন্ন খাবারের স্টল থেকে পছন্দের খাবার সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে বসে খেতে পারবেন পর্যটকেরা।
এ আয়োজনে স্থানীয় উদ্যোক্তা, কুটিরশিল্পী এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অংশগ্রহণের সুযোগ রাখা হচ্ছে। মার্কেটপ্লেস ও ক্রাফট ভিলেজে দেশীয় পণ্য, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী সামগ্রী প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে। ফলে পর্যটকদের বিনোদনের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণেরও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কক্সবাজার হোটেল মালিক সমিতির সহসভাপতি আবু তালেব শাহ এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তার মতে, কক্সবাজারে দিনের বেলায় পর্যটকদের ঘোরাঘুরির অনেক সুযোগ থাকলেও রাতের বিনোদনে ঘাটতি রয়েছে। বিশেষ করে শীত মৌসুমে পর্যটকদের জন্য এ ধরনের আয়োজন আকর্ষণ বাড়াবে। নিরাপত্তা নিশ্চিত করে প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
কার্নিভ্যালে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরো ৩৫ একর এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগ করা হবে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে ফেস ডিটেকশনসহ আধুনিক নজরদারির উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কথা জানিয়েছেন আয়োজকেরা।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কার্নিভ্যালের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে স্পেল বাউন্ড কমিউনিকেশন লিমিটেড। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তিন মাসব্যাপী এ আয়োজন কক্সবাজারের পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। বিশেষ করে রাতের পর্যটন সম্প্রসারণ, পর্যটকদের অবস্থানের সময় বৃদ্ধি, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যে গতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কার্নিভ্যাল।