মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার
বরিশালে মহিলা দলের এক নেত্রীকে রাজনৈতিক পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ হওয়ার পর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে লিটন মিয়া ওরফে হৃদয় নামে বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তার লিটন বরিশাল মহানগর বিএনপির ২৯ নম্বর ওয়ার্ডের কর্মী।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী সুমি আক্তার বরিশাল মহানগর মহিলা দলের ৬ নম্বর ওয়ার্ডের নেত্রী। লিটন ও সুমি দুজনই মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীনের অনুসারী ছিলেন। এই পরিচয়ের সূত্র ধরে লিটন নিজেকে নাসরীনের ঘনিষ্ঠ সহচর পরিচয় দিয়ে সুমিকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীন তাঁর বাড়িতে দাওয়াত খেতে আসবেন—এমন কথা বলে সুমিকে নিজের বাসায় নিয়ে যান লিটন। সেখানে জোরপূর্বক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করেছেন সুমি।
পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লিটন তাঁকে বিভিন্ন স্থানে যেতে চাপ দিতেন। সুমি তাঁর ডাকে সাড়া না দিয়ে যোগাযোগ এড়িয়ে চললে ক্ষুব্ধ হয়ে ছবিগুলো ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গত ৭ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন সুমি। পরে পুলিশ লিটনকে থানায় ডেকে নেয়। ওই সময় মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান। তবে এরপরও লিটন তাঁকে মুঠোফোনে হুমকি-ধমকি দিতে থাকেন বলে অভিযোগ করেন সুমি।
পরে গত ১১ নভেম্বর বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
পুলিশ সূত্র জানায়, আদালতের নির্দেশে মামলা রেকর্ডের পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। একপর্যায়ে বিশেষ কৌশলে শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।