১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০

ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু

ইলিয়াস ফকির ও মা হাসিনা বেগম (৭২)।  © সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে ছেলের জানাজা শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে মারা গেছেন মা হাসিনা বেগম (৭২)। ছেলের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাসিনা বেগমের ছেলে ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ছিলেন। শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শনিবার বেলা ১১টার দিকে ইলিয়াস ফকিরের জানাজা অনুষ্ঠিত হয়। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকাহত ছিলেন হাসিনা বেগম। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই দিন বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হন। এ ঘটনায় ঢাকায় নেওয়ার পথে গুরুতর আহত ইলিয়াস ফকিরের মৃত্যু হয়।