সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্রিক মাছ, আটক ৩৮ জেলে
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ এ অভিযান চালায়। শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সাব্বির আলম সুজন জানান, ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে সমুদ্রের প্রায় ১২ মিটার গভীরতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। বোট দুটিতে থাকা ৩৮ জেলেকেও আটক করা হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা বোট, জাল ও মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আটক জেলেদের থানায় হস্তান্তর করা হবে।
সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।