১৪ নভেম্বর ২০২৬, ১৯:৪৪

বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় বাস দুর্ঘটনা।  © সংগৃহীত

গোপালগঞ্জে বাসের চাপায় মহিবুল্লাহ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে আগুন দেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকাল চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিবুল্লাহ চন্দ্রদিঘলীয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত সুফি সাহেবের ছেলে।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকরাম হোসেন এবিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলীয়া এলাকায় পৌঁছে একটি মোটরসাইকেল ও ইজিবাইককে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। ইজিবাইকের তিন যাত্রী আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন লাগিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।