বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্রীর বিয়ে
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণিতে পড়ুয়া দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় দুই ছাত্রীর পরিবারের সদস্যদের মোট ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজিহার গ্রামের আব্দুর রহমানের মেয়ে রিমা মনি রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার তাঁর বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে ইউএনও নিরুপম মজুমদার আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমীন খালাসি, গ্রামপুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে বিয়েটি বন্ধ করেন।
তথ্য গোপন করে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি এবং অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় রিমার বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিয়ের জন্য রান্না করা খাবার পাশের একটি এতিমখানায় দেওয়ার নির্দেশ দেন ইউএনও।
অন্যদিকে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আবু কালাম মাতুব্বরের ছেলে শওকত মাতুব্বরের সঙ্গে ইউছুফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ের আয়োজন করা হয়েছিল। ১৫ বছর বয়সী সুমাইয়া রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
বিয়ের খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান ইউএনও। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ছেলের ভাই আল-আমিন মাতুব্বর ও মেয়ের নানিকে পাওয়া যায়। তাঁদের ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও নিরুপম মজুমদার বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য এক ধরনের অভিশাপ। এটি প্রতিরোধে নিয়মিত নজরদারির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করা হয়েছে। বাল্যবিবাহের বিষয়ে কোনো আপস করা হবে না।