১৪ নভেম্বর ২০২৬, ১১:৪০

শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

শ্রমিকদের ধাওয়া দিচ্ছে পুলিশ  © সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন।

বৃহস্পতিবার আহত এক শ্রমিক মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর শনিবার সকালে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কারখানার কাছাকাছি চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ‘একজন শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। তবে তাদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমেছেন।’

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।