বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা
ভোলার চরফ্যাশন উপজেলায় তেঁতুলিয়া নদীর বালুময় চরে মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন কৃষকেরা। এ পদ্ধতিতে কমেছে উৎপাদন খরচ, বেড়েছে ফলন। আগাম তরমুজের ভালো বাজারদর পাওয়ায় লাভের আশায় বুক বাঁধছেন চাষিরা। উপজেলার মুজিবনগর এলাকার তেঁতুলিয়া নদীর চরে প্রায় ৬৪ দশমিক ৭৫ হেক্টর জমিতে শতাধিক কৃষক এ পদ্ধতিতে তরমুজের আবাদ করেছেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা।
তাদেরই একজন কৃষক আবদুস সালাম। তিনি ১৫০ শতাংশ জমিতে তরমুজ চাষে প্রায় ৩ লাখ টাকা বিনিয়োগ করেছেন। ফলন ও বাজারদর অনুকূলে থাকলে এ জমি থেকে প্রায় ৮ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
তেঁতুলিয়া নদীর চরজুড়ে এখন সবুজ তরমুজের লতা। জমির উঁচু বেডগুলো বিশেষ মালচিং পেপারে ঢাকা। পাতার আড়ালে বেড়ে উঠছে বিভিন্ন জাতের তরমুজ। ভালো ফলন হওয়ায় ক্ষেত থেকেই পাইকারদের কাছে তরমুজ বিক্রি করছেন কৃষকেরা। এসব তরমুজ সরবরাহ করা হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
স্থানীয় কৃষক বেলাল কাজী, জাফর কাজী, মনির হোসেন, জহির উদ্দীন ও জাকির হোসেন জানান, আগে তরমুজ চাষ করে আশানুরূপ লাভ হতো না। কয়েক বছর লোকসানও গুনতে হয়েছে। তবে এবার মালচিং পদ্ধতিতে চাষ করে উৎপাদন খরচ কমেছে এবং ফলন ভালো হয়েছে। এতে লাভের সম্ভাবনা তৈরি হয়েছে।
কৃষকদের ভাষ্য, এ পদ্ধতিতে সেচের পানি, শ্রমিক ও কীটনাশকের খরচ তুলনামূলক কম লাগে। এমনকি জমিতে লবণাক্ততা থাকলেও ফসল নিয়ে আগের মতো দুশ্চিন্তা করতে হচ্ছে না।
মালচিং পদ্ধতিতে জমিতে উঁচু বেড তৈরি করে বিশেষ ধরনের পলিথিন বা মালচিং পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়। এ পেপারের এক পাশ কালো এবং অন্য পাশ রুপালি। কালো অংশ নিচে ও রুপালি অংশ ওপরে রেখে জমি ঢেকে দেওয়া হয়। এতে মাটির আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখা যায়। পাশাপাশি আগাছার বিস্তার ও পোকামাকড়ের আক্রমণ কমে আসে। ফলে সেচের পানি, শ্রম ও উৎপাদন খরচ সাশ্রয় হয়।
কৃষক ফারুক শিকদার বলেন, জমিতে বেড তৈরির পর চিকন নালার মাধ্যমে গাছের গোড়ায় পানি দেওয়া হয়। এতে পানির অপচয় কম হয়। খরচ ও শ্রম কম লাগায় দিন দিন এ পদ্ধতিতে কৃষকদের আগ্রহ বাড়ছে।
কৃষক আবদুস সালাম বলেন, ১৫০ শতাংশ জমিতে তরমুজ চাষে তাঁর প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। ফলন ও বাজারদর ভালো থাকলে প্রায় ৮ লাখ টাকা লাভ হতে পারে। তিনি বলেন, ‘বর্ষার শেষ সময়ে বিগ ফ্যামিলি, সুইট ফ্যামিলি, জুপিটার, গ্রেট কিং ও গ্রেট ওয়ান জাতের তরমুজ চাষ করে ভালো সাড়া পেয়েছি। আগাম চাষ করায় বাজারেও ভালো দাম পাওয়া যাচ্ছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, মুজিবনগর এলাকার উপকূলীয় চরে প্রায় ৬৪ দশমিক ৭৫ হেক্টর জমিতে শতাধিক কৃষক আগাম তরমুজের আবাদ করেছেন। প্রতিটি তরমুজ গড়ে প্রায় ২০০ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। উৎপাদিত তরমুজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, মালচিং পদ্ধতিতে মাটির আর্দ্রতা ধরে রাখা যায়। এতে সেচের পানির ব্যবহার কমার পাশাপাশি আগাছা ও পোকামাকড়ের আক্রমণও কমে। ফলে উৎপাদন খরচ ও শ্রম সাশ্রয় হয়। কৃষকদের এ পদ্ধতিতে আগ্রহী করতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।